
গত তিন দিন তেমন বৃষ্টিপাত না হলেও নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলার জলাবদ্ধতা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। এই দুইটি উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। এ ছাড়া অনেক রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িঘর এখনো জলমগ্ন রয়েছে।
গতকাল রোববার ও আগের দিন শনিবার সদর উপজেলার কাদিরহানিফ, নেয়াজপুর ও কবিরহাট উপজেলার নরোত্তমপুর, সুন্দলপুর, বাটইয়া, ঘোষবাগ ইউনিয়ন এবং কবিরহাট পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ইউনিয়ন ও পৌরসভার প্রধান সড়কগুলো কোনো কোনো স্থানে এখনো প্রায় হাঁটুপানি। এ ছাড়া সড়কের আশপাশের বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানেও একই অবস্থা বিরাজ করছে।
সরেজমিনে সদর উপজেলার ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৯২ নম্বর ফলাহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠের সামনে হাঁটুপানি দেখা যায়। এর মধ্যে ফলাহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক সপ্তাহ ধরে পাঠদান সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আরা বেগম বলেন, তাঁর বিদ্যালয়ের মাঠে ও চলাচলের রাস্তায় হাঁটুপানি। বিদ্যালয়ের একমাত্র টয়লেট বন্যার পানিতে ডুবে আছে। শিক্ষক-শিক্ষার্থীরা জরুরি প্রয়োজনও সারতে পারছে না। পানি মাড়িয়ে বিদ্যালয়ে আসতে হয়।
জলাবদ্ধতার কারণে সদর উপজেলায় ১৫টি এবং কবিরহাট উপজেলায় ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে বলে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন শেখ ও কবিরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম গতকাল সন্ধ্যায় জানান। দুই শিক্ষা কর্মকর্তা আরও বলেন, বিদ্যালয়ের চলাচলের পথ ও আশপাশের এলাকায় জলাবদ্ধতার কারণে আরও কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। তবে পাঠদান বন্ধ রাখা হয়নি।
নরোত্তমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ১৫ দিন ধরে তাঁরা পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। ঘর থেকে বের হলেই প্রায় হাঁটুপানি মাড়িয়ে কবিরহাট-মাইজদী সড়কে উঠতে হয়। ওই সড়কেরও কয়েকটি স্থান পানিতে ডুবে গেছে।
কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক বলেন, কবিরহাট এমনিতে নিচু এলাকা। পানিনিষ্কাশনের খালগুলো ভরাট ও বেদখল হয়ে যাওয়ার কারণে এবার পুরো পৌরসভাতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শরীফুল ইসলাম ও সদর উপজেলার ইউএনও আরিফুল ইসলাম সরদার বলেন, জলাবদ্ধতার কারণে উভয় উপজেলা নিচু এলাকার অনেক গ্রামীণ রাস্তাঘাট ও বাড়িঘর এখনো জলমগ্ন। এ ছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় পানি উঠেছে সেগুলোতে কয়েক দিনের জন্য পাঠদান স্থগিত রাখতে বলা হয়েছে।