আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থীদের ‘উৎপীড়নে’ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) ২৫ জন প্রার্থীর জীবন হুমকির সম্মুখীন বলে অভিযোগ করেছে দলটি।
গতকাল বুধবার সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনএফের প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ এই অভিযোগ করেন। তাঁর দাবি, মাদারীপুর-২ আসনে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাতক্ষীরা-৩ আসনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, বরিশাল-৪ আসনে পঙ্কজ দেবনাথ, বরগুনা-১ আসনের শম্ভু দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের র আ ম মুক্তাদির চৌধুরী, মাদারীপুর-৩ আসনের বাহাউদ্দিন নাছিম বিএনএফের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য হুমকি-ধমকি দিচ্ছেন। ইতিমধ্যে কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।
বিএনএফের প্রধান সমন্বয়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘সংসদের ৩০০টি আসনই যদি নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমাকে ডেকে বলুন। আমার সব প্রার্থীকে ডেকে নিয়ে আমি নির্বাচন বয়কট করব।’