দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সিলেটের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজের দুটি ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায় ২৫ বছর আগে পরিত্যক্ত হিসেবে চিহ্নিত এ ভবন দুটিতে চরম ঝুঁকির মধ্যে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। শিগগিরই সংস্কার করা না হলে যেকোনো সময় ভবন দুটি ভেঙে পড়তে পারে। কলেজ সূত্রে জানা গেছে, ১৮৯২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এর বেশ কয়েক বছর পর আধা পাকা টিনের দুটি ভবন নির্মাণ করা হয়। সরেজমিনে দেখা গেছে, ভবন দুটির প্রায় কক্ষই ভাঙা। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। চালের টিনের পাত খুলে গেছে। বারান্দা ধসে পড়েছে। ভবনের বিভিন্ন স্থানে শেওলা ও আগাছা জন্মেছে। বাথরুমের পরিস্থিতি নাজুক।কলেজ সূত্র জানায়, বর্তমানে এসব ভবনে স্নাতকের (সম্মান) বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি এবং ইতিহাস এই চারটি বিভাগের শিক্ষার্থীদের পাঠদান করা হয়। এসব বিষয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী প্রতিদিন ক্লাস ও পরীক্ষায় অংশ নিচ্ছে। এর বাইরেও স্নাতক, স্নাতকোত্তর, পাস কোর্স, উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত কিছু শিক্ষার্থীরও সংশ্লিষ্ট বিষয়ের শ্রেণী কার্যক্রম একই ভবনে হয়ে থাকে।শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, সামান্য বৃষ্টি হলেই ভবনের ছাদ ও দেয়াল চুইয়ে পানি পড়ে। ২৫ বছর আগে একবার ভবনের পলেস্তারা খসে কয়েকজন ছাত্র আহত হয়েছিলেন। কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিক ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। এরপর কয়েক দফা ভবনটিতে সংস্কারকাজ করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বৃষ্টির সময় কিংবা দেয়ালের পলেস্তারা খসে পড়লে ভবনের বাংলা বিভাগের ১০১ নম্বর কক্ষসহ কয়েকটি কক্ষে সাময়িকভাবে ক্লাস ও পরীক্ষা নেওয়া বন্ধ থাকে।বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সাহেদা আখতার জানান, ভবন দুটি ঝুঁকিপূর্ণ থাকায় প্রায় সময় ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করতে হয়। টিনের চালের পাত খুলে গেছে, দেয়ালও নড়বড়ে। সব মিলিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা সব সময় আতঙ্কে থাকেন।শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষের কাছে নতুন একাডেমিক ভবন নির্মাণ এবং বহু প্রাচীন দুটি ভবনের সংস্কারের দাবি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে করে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ নিচ্ছে না।তবে শিক্ষার্থীদের অভিযোগের ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ভবন দুটি সংস্কারের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবহিত করা হয়েছে।কলেজের অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার বলেন, ‘ভবন দুটি প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কিন্তু কক্ষসংকটের কারণে এসব ভবনে শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে। কিছুদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার দেখা হবে। ভবনগুলো পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য তাঁকে অনুরোধ করব।’