২৫ বছর ধরে পরিত্যক্ত হাজিক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থিত সরকারি হাজিক্যাম্পটি ২৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ধর্ম মন্ত্রণালয়ের অধীন প্রায় সাড়ে নয় একর জায়গার ওপর গড়ে তোলা এই হাজিক্যাম্পের কোনো রক্ষণাবেক্ষণ নেই দীর্ঘদিন। ফলে ভবনগুলো অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে।
ইতিমধ্যে কয়েকবার ধর্ম মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা হাজিক্যাম্প এলাকা পরিদর্শন করে গেছেন বলে জানা গেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ইতিবাচক পরিবর্তন চোখে পড়েনি।
এরশাদ সরকারের আমলে ১৯৮৯ সালে এই হাজিক্যাম্পের কার্যক্রম স্থায়ীভাবে ঢাকায় নিয়ে যাওয়া হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে আশকোনায় স্থায়ী হাজিক্যাম্প এবং হজ অফিস গড়ে তোলা হয়।
ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবদুল হাই ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি হাজিক্যাম্প এলাকা পরিদর্শন করে গেছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব, উপসচিবসহ উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মকর্তা। ২৩ আগস্ট সরকারের উপসচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের সচিব অহিদুল ইসলামও হাজিক্যাম্প ভবন সরেজমিনে ঘুরে দেখে গেছেন। এ ছাড়া হাজিক্যাম্পের সীমানাদেয়ালের নির্মাণকাজ চলছে। কাজ পরিদর্শন করে ঢাকায় মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রতিবেদন পাঠাচ্ছি।’
পাহাড়তলী ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর বাবুল হক প্রথম আলোকে বলেন, ‘হাজিক্যাম্পটি চালু থাকলে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, কক্সবাজার প্রভৃতি দূরদূরান্তের হজযাত্রীদের ভোগান্তি অনেক কম হতো। এ ব্যাপারে স্থানীয় সাংসদ আফছারুল আমীন সাহেবকেও আমরা বলেছি।’
কাউন্সিলর হাজিক্যাম্প ভবনের দুর্দশার চিত্র তুলে ধরে বলেন, ‘প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ না থাকায় ক্যাম্পের বিভিন্ন ভবনের দরজা-জানালা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে পাহাড়তলী হাজিক্যাম্পের ভবনগুলো সংস্কারের দাবি জানাচ্ছি।’
জানা যায়, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তান সরকার সমুদ্রপথে হজযাত্রী পরিবহনের তাগিদে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় হাজিক্যাম্প গড়ে তোলে। সারা দেশের হজযাত্রীরা যাতে রেলে অথবা গাড়িতে করে হাজিক্যাম্পে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যেই এ জায়গাটিকে বেছে নেওয়া হয়। চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সামনেই গড়ে ওঠে হাজিক্যাম্পটি। আবার খুব কাছাকাছি দূরত্বে রয়েছে পাহাড়তলী রেলস্টেশন। প্রায় নয় একর ৩৫ শতক এলাকা নিয়ে হাজিক্যাম্পের অবস্থান।
হজে যাওয়ার কয়েক দিন আগে হজযাত্রীরা চলে আসতেন হাজিক্যাম্পে। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে তাঁদের বাসে করে নিয়ে যাওয়া হতো চট্টগ্রাম বন্দরে। সেখান থেকে হজের উদ্দেশ্যে জাহাজে করে জেদ্দা রওনা দিতেন।
চট্টগ্রাম হজযাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী বলেন, পাহাড়তলী হাজিক্যাম্পটিকে পরিত্যক্ত না রেখে চট্টগ্রাম বিভাগীয় হজ অফিস হিসেবে গড়ে তোলা যেতে পারে। এ জন্য নতুন লোকবলের প্রয়োজন নেই। ধর্ম মন্ত্রণালয় এবং ঢাকা হজ অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে এই অফিস চালু করা যায়। এতে চট্টগ্রাম বিভাগের হজযাত্রীদের কষ্ট অনেক লাঘব হবে। তাঁরা হজের যাবতীয় আনুষ্ঠানিকতা এখানে সেরে নিয়ে চট্টগ্রাম থেকে বিমানে যাতায়াত করতে পারবেন।
জে ওয়াই ট্রাভেলস অ্যান্ড হজ কাফেলার স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, ‘এখন চট্টগ্রামের হজযাত্রীদের বিমানের টিকিট, পাসপোর্ট-ভিসার জন্য ঢাকায় দৌড়াদৌড়ি করতে হয়। সরকার হজযাত্রীদের প্রশিক্ষণ বাবদ টাকা নিলেও কোনো প্রশিক্ষণের সুযোগ নেই। আমাদের এর ব্যবস্থা করতে হচ্ছে। অথচ পাহাড়তলী হাজিক্যাম্পটি চালু থাকলে প্রশিক্ষণসহ অন্যান্য আনুষ্ঠিকতা পালনে আমাদের বেগ পেতে হতো না।’
হাজিক্যাম্প চালু থাকা অবস্থায় মসজিদের ইমামের দায়িত্ব পালনকারী প্রবীণ ব্যক্তি মতিউর রহমান বলেন, ‘আমি হাজিক্যাম্প মসজিদে মুসল্লিদের খেদমত করেছি। এরপর ঢাকায় হাজিক্যাম্পেও ইমামের দায়িত্বে থাকার সুযোগ হয়েছে। পাহাড়তলী হাজিক্যাম্পটি বন্ধ করে দেওয়ায় চট্টগ্রাম বিভাগের হযযাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এটি চালু থাকলে তাঁরা এখানে অবস্থান করে বিভিন্ন আনুষ্ঠানিকতা সেরে খুব সহজেই চট্টগ্রাম থেকে সরাসরি বিমানে সৌদি আরবে যেতে পারতেন। এই হাজিক্যাম্পে হজযাত্রীদের থাকার যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে। সুপরিসর মসজিদ রয়েছে। আমরা এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করছি।’