২৫ বছর ধরে বন্ধ, সেবাবঞ্চিত ৩০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি ২৫ বছর ধরে বন্ধ রয়েছে। এ কারণে হাওরবেষ্টিত দুর্গম এ ইউনিয়নের ৫০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে না।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা যায়, ১৯৮৮ সালের বন্যায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকে ইউনিয়নের পাঠাবুকা গ্রামে অবস্থিত এ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি বন্ধ থাকে। এখন পর্যন্ত এটি বন্ধ রয়েছে।

উপজেলা পরিষদ ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্র জানায়, টাংগুয়ার হাওরসহ কয়েকটি হাওরবেষ্টিত এ ইউনিয়নের ৫০টি গ্রামে ৩০ হাজার লোকের বাস। গ্রামগুলোর চারপাশ হাওরের পানিতে নিমজ্জিত থাকে। উপজেলা সদর থেকে ইউনিয়নের নিকটবর্তী গ্রামের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। চিকিৎসার প্রয়োজনে ইউনিয়নবাসীকে তাহিরপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নেত্রকোনার কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিয়া হোসেন বলেন, ইউপি ভবনের ২০ বর্গকিলোমিটারের মধ্যে কোনো সরকারি বা বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নেই। ইউনিয়নের অধিকাংশ মানুষ অসচেতন ও আর্থিকভাবে অসচ্ছল। তাই বেশির ভাগ লোক রোগবালাই নিরাময়ে কবিরাজের দ্বারস্থ হন।

পাঠাবুকা গ্রামের বাসিন্দা মানিকখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেবী তালুকদার বলেন, লোকজন হাতুড়ে ও কবিরাজি চিকিৎসার ওপর নির্ভরশীল। বাধ্য না হলে এত কষ্ট করে কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে চায় না।

ইউনিয়নের বাসিন্দা শাহ্ আলী (৫৫) বলেন, ‘এটি চালু করতে আমরা উপজেলা, জেলা ও বিভাগীয় বিভিন্ন অফিসে বহুবার আবেদন-নিবেদন করেছি।’ দক্ষিণ শ্রীপুর ইউপির চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার জানান, কেন্দ্রটি চালু হলে সংশ্লিষ্ট ইউনিয়নসহ আশপাশের এলাকার লোকজন উপকৃত হবে।

সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল হক বলেন, দু-তিন মাস আগে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

কিন্তু স্থানীয় জনগণ ভবন নির্মাণের জন্য যে জমি দিয়েছে তা সরকারি। এ জমি জেলা প্রশাসককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করতে হবে। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন যত দ্রুত উদ্যোগ নেবে, তত দ্রুত এ কাজ করা সম্ভব হবে। শুধু জমির জটিলতার কারণে দরপত্র আহ্বানের প্রক্রিয়া বন্ধ রয়েছে।

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি চালু করার জন্য সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।