২৫ বছর পর কোল ভরল দম্পতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের ২৫ বছরেও আওলাদ হোসেন ও রোকসানা ইয়াসমিনের কোল আলো করে সন্তান আসেনি। অনেক চিকিৎসক-কবিরাজ দেখিয়েও কাজ হয়নি। এবার এই নিঃসন্তান দম্পতির কোল ভরেছে ফুটফুটে ছেলেশিশুতে। গত বুধবার এক মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতককে দত্তক নিয়েছেন তাঁরা।
ওই দম্পতি হলো কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর এলাকার ধুলিহার গ্রামের ওষুধ ব্যবসায়ী আওলাদ হোসেন (৫৫) ও রোকসানা ইয়াসমিন (৪৭)। হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই শিশুকে দত্তক নেন তাঁরা।
বুধবার সরেজমিনে দেখা যায়, হাসপাতালের চিকিৎসক ও এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি তাসলিমা নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর চার দিনের নবজাতককে আওলাদ ও রোকসানা দম্পতির কোলে তুলে দিচ্ছেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. তানভীর হাসান বলেন, গত ৩ মার্চ মানসিক ভারসাম্যহীন তাসলিমাকে অন্তঃসত্ত্বা অবস্থায় সাবেক পৌর কাউন্সিলর বাদল খন্দকার হাসপাতালে ভর্তি করান। গত শনিবার রাতে তাঁর কোলজুড়ে আসে একটি সুস্থ ছেলেশিশু। তাসলিমা নিজের নাম ছাড়া কিছু বলতে পারেন না। এমনকি সন্তানের বিষয়েও তাঁর আবেগ নেই। চার দিন ধরে নার্সরা শিশুটি লালনপালন করছেন। কে এই শিশুর দায়িত্ব নেবেন—এ নিয়ে তাঁরা দুশ্চিন্তায় পড়েন। স্বাস্থ্য কমপ্লেক্সে আসা অন্য রোগীদের কাছে খবর পেয়ে আওলাদ হোসেন ও রোকসানা ইয়াসমিন শিশুটিকে দত্তক হিসেবে নিতে আসেন। গত বুধবার দুপুরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাসলিমা তাঁর সন্তানকে রোকসানার কোলে তুলে দেন। পরে ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি করে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। তাসলিমা এখন আগের চেয়ে অনেকটা সুস্থ। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, তাসলিমা শুয়ে আছেন। কাছে যেতেই উঠে বসেন তিনি। বাড়ি, বাবা-মায়ের বিষয়ে জিজ্ঞাসা করলে কিছু বলতে পারেন না তিনি। সন্তানের কথা জিজ্ঞেস করলে আঙুল দিয়ে দেখান, চলে গেছে।
আওলাদ হোসেন ও রোকসানা ইয়াসমিন বলেন, চিকিসৎকেরা বলেছেন, তাঁদের সন্তান হবে না। এ জন্য তাঁদের মাঝে একধরনের অপূর্ণতা ছিল। অনেক দিন অপেক্ষার পর তাঁদের কোল ভরেছে। নিজের সন্তানের মতো শিশুটিকে লালনপালন করে বড় করবেন তাঁরা।
সাবেক কাউন্সিলর বাদল খন্দকার বলেন, হাসপাতালে ভর্তি করার পর থেকে তিনি তাসলিমার নিয়মিত খোঁজখবর রাখছেন। এর আগেও তিনি শরীরে পোকা ধরা মানসিক ভারসাম্যহীন এক রোগীকে দীর্ঘদিন সেবা করে সুস্থ করেছেন।