২৫ বছর পর দখলমুক্ত তারাপুর চা-বাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ২৫ বছর পর শিল্পপতি রাগীব আলীর জবরদখল থেকে উদ্ধার হলো প্রায় দুই হাজার কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি সিলেটের তারাপুর চা-বাগান।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চা-বাগানে অভিযান চালিয়ে দখলদার পক্ষের কাছ থেকে চা-বাগানটি উদ্ধার করে। পরে এই দেবোত্তর সম্পত্তির সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে এর দখল বুঝিয়ে দেওয়া হয়। এর আগে রাগীব আলীর পক্ষে চা-বাগানের ব্যবস্থাপক জেলা প্রশাসনের কাছে দখল হস্তান্তর করেন।

ইউএনও মীর মোহাম্মদ মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, উদ্ধার করা চা-ভূমির বর্তমান বাজারদর প্রায় দুই হাজার কোটি টাকা। উচ্চ আদালতের এক রায়ের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। চা-বাগানের মধ্যে থাকা মেডিকেল কলেজসহ সব অবৈধ স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নিতে নোটিশ দেওয়া হবে।

দখল বুঝে পাওয়ার পর যোগাযোগ করলে পঙ্কজ কুমার গুপ্ত জানান, চা-বাগানের ৩২৩ একর ভূমি ছাড়া বাকি জায়গায় বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। আজ সোমবার সকালে চা-বাগানের শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করে এ চা-বাগানের কার্যক্রম নতুন করে শুরু করবেন তিনি।

অভিযানের বিষয়ে জানতে শিল্পপতি রাগীব আলীর ছেলে আবদুল হাইয়ের মুঠোফোনে ফোন করলে তিনি ধরেননি।

পঙ্কজ কুমার গুপ্তের দাদা বৈকুণ্ঠ চন্দ্র গুপ্ত তারাপুর চা-বাগানটি দেবতার নামে দান করেছিলেন। এ সম্পত্তির সেবায়েত-কর্তৃত্ব ফিরে পাওয়ায় আপ্লুত পঙ্কজ কুমার জানান, দখলদার পক্ষের মাধ্যমে ১৯৯০ সালে তারাপুর থেকে বিতাড়িত হয়ে যুক্তরাজ্যে ছিলেন। রাগীব আলী তাঁর এক আত্মীয়কে ভুয়া সেবায়েত সাজিয়ে দখল করেছিলেন এত দিন।

জেলা প্রশাসন সূত্র জানায়, চা-বাগানের জায়গায় বিধিবহির্ভূতভাবে স্থাপনা নির্মাণের বিষয়টি তদন্তে ১৯৯৯ সালের ২৫ আগস্ট ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত তৎকালীন সংসদীয় কমিটি একটি উপকমিটি করে। ওই উপকমিটি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে চা-বাগান পুনরুদ্ধার করার সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর প্রতারণার মাধ্যমে ভূসম্পত্তি আত্মসাতের অভিযোগে রাগীব আলীর বিরুদ্ধে তৎকালীন সিলেট সদরের ভূমি কমিশনার এস এম আবদুল হাই দুটি মামলা করেন।