২৫ বছর পর সড়ক উদ্ধার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ-শেখেরহাট যে কাঁচা সড়ক দিয়ে লোকজন চলাচল করত, সরকারি নথিপত্রে সেটি ছিল রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৭ নম্বর ডিসি সড়ক। ২৫ বছর আগে এ সড়কের বদরগঞ্জ বাজারের গরুহাটি থেকে ভাঙড়িরঘাট সেতু পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অংশ কেটে আবাদি জমিতে পরিণত করেন কিছু ব্যক্তি। এ কারণে সড়কের এ অংশ নিশ্চিহ্ন হয়ে যায়।সড়কটি উদ্ধার করার ব্যাপারে এতদিন সবাই নিশ্চুপ ছিল। এ অবস্থায় এগিয়ে আসেন বদরগঞ্জের গণস্বার্থরক্ষায় গণকমিটির সদস্যরা। তাঁরা এটি উদ্ধারের ব্যাপারে এলাকার মানুষকে উৎসাহী করেন এবং মিছিল-মিটিং-সমাবেশ ও স্মারকলিপি দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনকে চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপে দখলকারীরা সড়কের জায়গা ছেড়ে দিতে রাজি হন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলামের (সদ্য বদলি) সার্বিক তত্ত্বাবধায়নে সড়কের জায়গা নির্ধারণ করে দেওয়া হয়। এলাকাবাসী, গণকমিটির সদস্য ও কর্মসৃজন কর্মসূচির শ্রমিকেরা টানা ২২ দিন মাটি কেটে নিশ্চিহ্ন হয়ে যাওয়া সড়কটি আবার উঁচু করে তৈরি করেন।সরেজমিনে দেখা যায়, সড়কটি প্রস্থে তৈরি করা হয়েছে প্রায় ৩০ ফুট। গত রোববার সর্বসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয়। এখন পথচারীরা এ সড়ক দিয়ে সহজে চলাচল করছে।সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, সড়কটি গুরুত্বপূর্ণ। এটি পুনরুদ্ধার করা ছিল কঠিন কাজ। গণকমিটি ও এলাকাবাসীর সহায়তায় এটি উদ্ধার করা সম্ভব হয়েছে। কমিটির আহ্বায়ক আতাউর রহমান জানান, গুরুত্বপূর্ণ এ সড়কের দেড় কিলোমিটার অংশ দখল করে আবাদি জমিতে পরিণত করার কারণে পথচারীদের ছয়-সাত কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যেতে হতো। এতে সময় অপচয়ের পাশাপাশি যাতায়াত খরচ বেড়ে গিয়েছিল। সড়কটি ২৫ বছর পর উদ্ধার করতে পেরে তারা এখন খুশি।