২৫ বছর পূর্ণ করল সংহতি সাহিত্য পরিষদ
পথচলার ২৫ বছর পূর্ণ করল যুক্তরাজ্যের সাহিত্য-সংস্কৃতি সংগঠন ‘সংহতি সাহিত্য পরিষদ’। এই মাইলফলক উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার পূর্ব লন্ডনের টয়েনবি হলে উদ্যাপন করা হয় রজতজয়ন্তী অনুষ্ঠান ও সাহিত্য সম্মেলন।
স্থানীয় সময় দুপুর ১২টায় আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনার থেকে শুরু হয় রজতজয়ন্তী উৎসব। সেখানে বেলুন ও কবুতর উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। সেখান থেকে শোভাযাত্রা নিয়ে বাংলা টাউন ঘুরে অনুষ্ঠানস্থল টয়েনবি হলে সমবেত হন সাহিত্যপ্রেমীরা।
প্রবাসে বাংলা সাহিত্য সংগঠনের এ জয়যাত্রা উদ্যাপনে বাংলাদেশ থেকে এসেছেন কথাসাহিত্যিক আনিসুল হক, কবি শোয়াইব জিবরান, সংগীতশিল্পী বাদশা বুলবুল ও রানা শেখ, কলকাতা থেকে সন্তুর শিল্পী কুনাল সাহা, আমেরিকা থেকে কবি জিয়াউদ্দিন এবং কানাডা থেকে এসেছেন মোহাম্মদ আবদুল হাসিব। উপস্থিত ছিলেন বিলাতের মূলধারার কবি স্টিফেন ওয়াটসসহ বেশ কয়েকজন কবি, সাহিত্যিক ও শিল্পী।
আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি ও গান—এসব দিয়ে সাজানো হয় টয়েনবি হলের মূল অনুষ্ঠান। সভাপতিত্ব করেন সংহতি সাহিত্য পরিষদের সভাপতি কবি ইকবাল হোসেন।