২৫ বছরে ২১ ইউএনওর কাঁধে এসি ল্যান্ডের 'অতিরিক্ত' দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে আসা ব্যক্তিদের কিছুতেই পিছু ছাড়ছে না উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) পদের ‘অতিরিক্ত’ দায়িত্ব। গত ২৫ বছরে (১৯৯১-২০১৬) ২৬ জন ব্যক্তি এ উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ২১ জনই ইউএনও। এখনো ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্বে আছেন।
গত ২৫ বছরে গুরুদাসপুরে মাত্র চারজন পূর্ণ দায়িত্ব নিয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কাজ করেছেন। গত ২৬ ফেব্রুয়ারি আক্কেলপুরের ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ ১৫ দিনের প্রশিক্ষণে ভারতে যান। তখন ক্ষেতলালের ইউএনও এখানে ইউএনও এবং এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্বে ছিলেন। নিজস্ব দায়িত্বের চাপে তিনি আক্কেলপুর ভূমি কার্যালয়ে নিয়মিত আসতে পারেননি। আক্কেলপুরে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় থানা-পুলিশকে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হয়। আসামিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করতে ক্ষেতলাল উপজেলায় নিতে হয়েছে থানা-পুলিশকে।
আক্কেলপুর থানার ওসি সাজ্জাদ বলেন, ‘এখানে এসিল্যান্ড না থাকায় অনেক সময় আটক ব্যক্তিদের ক্ষেতলাল উপজেলায় নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করাতে হয়েছে।’
উপজেলা ভূমি কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) কক্ষে টাঙানো বোর্ডে দেখা গেছে, ১৬ এপ্রিল ১৯৮৮ সাল থেকে চলতি ২০১৬ সাল পর্যন্ত মোট ২৬ ব্যক্তি সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ২১ জনই ইউএনও। তাঁরা সবাই এসিল্যান্ড পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।
উপজেলা ভূমি কার্যালয়ে টানানো বোর্ডের হিসাব অনুয়ায়ী, ২০০০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভূমি কার্যালয়ে মাত্র একজন পূর্ণাঙ্গ এসিল্যান্ড দায়িত্ব পালন করেছেন। হেলালুজ্জামান সরকার নামের এই এসিল্যান্ড অবশ্য এখানে ছিলেন মাত্র তিন মাস। এরপর পাঁচবিবি উপজেলা ভূমি কার্যালয়ের এসিল্যান্ড আবদুল মান্নানকে এখানকার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি ২০১২ সালের ১০ জুন থেকে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। উপজেলার বর্তমান ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ এসিল্যান্ড পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, এখানে দীর্ঘদিন ধরে এসিল্যান্ড না থাকায় দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। ইউএনওকে নিজস্ব দাপ্তরিক কাজ ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে যেতে হচ্ছে। তাই ভূমি কার্যালয়ের ফাইলপত্র দেখভাল ও স্বাক্ষর বিলম্বিত হচ্ছে। এসব কারণে নামজারিসহ জমিজমাসংক্রান্ত বিভিন্ন কাজ নিয়ে ভূমি কার্যালয়ে এসে লোকজন ভোগান্তিতে পড়ছেন।
ভূমি কার্যালয়ের একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, উপজেলা ভূমি কার্যালয়টি আগে উপজেলা পরিষদ চত্বর এলাকায় ছিল। প্রায় তিন বছর ধরে সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভূমি কার্যালয়টি নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়েছে। ইউএনও অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসিল্যান্ড হিসেবে থাকায় প্রতিদিন ফাইলপত্র নিয়ে তাঁদের ইউএনও কার্যালয়ে যেতে হচ্ছে। তাঁরা অনেক সময় ওই কার্যালয়ে গিয়ে শুনেন,, ইউএনও সাহেব দাপ্তরিক কাজে বাইরে গেছেন। তখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না।
তিলকপুরের আবদুল খালেক ৯ মার্চ বলেন, ‘ভূমি কার্যালয়ে জমির নামজারি আবেদন করেছিলাম। ভূমি কার্যালয়ে খোঁজ নিতে এসে জানলাম ফাইলে ইউএনও স্যারের স্বাক্ষর হয়নি। তাই বাড়ি ফিরে যাচ্ছি।’
এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ বলেন, এখানে এসিল্যান্ড দিতে জেলা প্রশাসককে (ডিসি) তিনি বলেছেন বলে জানান।
জেলা প্রশাসক আবদুর রহিম গতকাল রোববার মুঠোফোনে বলেন, আক্কেলপুরে এসিল্যান্ড পদে লোক দিতে বিভাগীয় কমিশনারকে বলা হয়েছে।