চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে হামলার ঘটনা বাড়ছে। এসব হামলায় আহত হচ্ছেন ট্রেনের চালক (লোকোমাস্টার)। একই সঙ্গে শাটল ট্রেন চলাচল বন্ধ রাখতে ট্রেনচালকদের অপহরণও করা হচ্ছে। এ কারণে চালকদের মধ্যে ভীতি কাজ করছে। রেলওয়ের পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন একজন প্রকৌশলী নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘আমাদের লোকোমাস্টারদের (চালক) ওপর বারবার হামলা হচ্ছে। ট্রেনের দরজা-জানালা ভাঙচুর করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভূমিকা না রাখলে এসব তো ঘটতেই থাকবে।’ অনুসন্ধানে জানা গেছে, গত ২৫ বছরে অন্তত ৫০ বার বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় আহত হয়েছেন শতাধিক ট্রেনচালক ও তাঁদের সহকারীরা। এতে শাটল ট্রেনের অর্ধশতাধিক চালক ও সহকারী চালক অপহরণের শিকার হন। বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ঘটনার পুনরাবৃত্তি হবে না।’ বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘শাটল ট্রেন চালকদের ওপর হামলা ও অপহরণের ঘটনার একটিরও বিচার হয়নি। হামলাকারী ও অপহরণকারীদের কোনো শাস্তি ও বিচার না হওয়ায় হামলার ঘটনা ক্রমেই বেড়ে চলছে।’ সর্বশেষ গত ২ এপ্রিল সকাল পৌনে আটটার দিকে নগরের ঝাউতলা স্টেশনে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে হামলা করেন ছাত্রশিবিরের কর্মীরা। অনুসন্ধানে জানা যায়, ১৯৮৭ সালের ২২ সেপ্টেম্বর প্রথম হামলার ঘটনা ঘটে। ওই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হামলায় আহত হন চট্টগ্রাম স্টেশনমাস্টার ও স্টেশন ব্যবস্থাপক। এ সময় শিক্ষার্থীরা স্টেশনমাস্টারের কক্ষ ভাঙচুর করেন। এ ছাড়া, ১৯৯১ সালের ৭ জুলাই চৌধুরীহাট এলাকা থেকে ট্রেনচালক এম এল দাশ ও তোফাজ্জল হোসেনকে অপহরণ করে নিয়ে যান কতিপয় শিক্ষার্থী। ১৯৯৩ সালের ১২ মে ফতেয়াবাদ এলাকায় ট্রেন থামিয়ে চালক আবদুল কাদের ও আবু তাহেরকে মারধর করা হয়। ছাত্ররা ১৯৯৩ সালের ২৬ আগস্ট চট্টগ্রাম জংশন কেবিন থেকে বের করে চালক আবদুল ওয়াদুদকে মারধর করেন। ১৯৯৪ সালের ১৭ সেপ্টেম্বর ষোলশহর স্টেশনে রবার্টপোপ ও জালাল আহাম্মদকে মারধর করেন শিক্ষার্থীরা। এভাবে ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত আট চালক অপহরণের শিকার হন। ওই সময়ে আট চালক মারধরের শিকার হন।