২৫ বছরের পুরোনো ট্রাক রাতে ঢাকায় চলতে পারবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ বছরের পুরোনো ট্রাকসহ দেড় টনের সব ধরনের ট্রাক রাত ১১টা থেকে ভোর ছয়টা পর্যন্ত রাজধানীতে চলাচল করতে পারবে। তবে দেড় টন পর্যন্ত পিকআপ দিনরাত চলাচল করতে পারবে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক গতকাল এ-সংক্রান্ত একটি আদেশ দিয়েছেন। এদিকে রমজান মাসে রাজধানীর যানবাহন চলাচল নিয়ন্ত্রণ নিয়ে গতকাল সন্ধ্যায় পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। এতে যাত্রী হয়রানি হ্রাস ও ইফতারের আগে বাসায় পৌঁছানো এবং লেন মেনে গাড়ি চালানো জোরদার করা নিয়ে আলোচনা করা হয়।পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক সভাপতিত্ব করেন। এ ছাড়া যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি) অমূল্য ভূষণ বড়ুয়া, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শফিকুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (হেড কোয়ার্টার্স) মো. মনজুর কাদের খান, যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন) মীর শহীদুল ইসলাম, সব ট্রাফিক বিভাগের ডিসি উপস্থিত ছিলেন। পরিবহন নেতাদের মধ্যে খন্দকার এনায়েত উল্লাহ, ছিদ্দিকুর রহমান, সাইদুল্লাহ, হাজি মোহাম্মদ আলী, ইসমাইল হোসেনসহ প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন। পুলিশ সূত্র জানায়, সভায় উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে, মার্কেটের সামনে যাতে যানজট না হয় সে জন্য মার্কেট কর্তৃপক্ষ ট্রাফিক কমিউনিটি পুলিশ নিয়োগ করবে। লেন মেনে গাড়ি চালানোর অভিযান জোরদার করতে হবে। গাড়ি যে লেন দিয়েই চলুক না কেন, গাড়ির চালক যেন লেনের ওপর না ওঠে তা নিশ্চিত করবেন। যেখানে দাগ নেই সেখানে একটির পেছনে আরেকটি গাড়ি রেখে লেন মেনে গাড়ি চালাতে হবে। ট্রাফিক সিগন্যাল স্থাপনে ঠিকাদার ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। এ ছাড়া ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে চলমান অভিযান চালানো, সব গাড়িতে যথাযথ নম্বর প্লেট স্থাপন করা, ঢাকার বাইরের কোনো রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা যাতে ঢাকায় ঢুকতে না পারে তা নিশ্চিত করা, প্রতিটি বাস ও মিনিবাসে প্রতিবন্ধী ও মহিলাদের জন্য সিট সংরক্ষণ করার সিদ্ধান্ত হয়েছে। পরিবহন নেতারা বলেন, বাসের ড্রাইভার, হেলপার বা যাত্রী যাতে বাসের অভ্যন্তরে ধূমপান না করে তা নিশ্চিত করবেন। ঢাকা মহানগরের ওপর দিয়ে আন্তজেলা বাস চলাচল করতে পারবে না। কোনো হেলপার যাতে গাড়ি না চালায় তাও নিশ্চিত করা হবে।