২৫ বাড়িতে হামলা, আতঙ্কে পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপায় ভোররাতে ঘুমিয়ে থাকা মানুষগুলোর বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। (ইনসেটে) ভয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে একটি পরিবার। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ঝিনাইদহের শৈলকুপায় ভোররাতে ঘুমিয়ে থাকা মানুষগুলোর বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। (ইনসেটে) ভয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে একটি পরিবার। গতকাল তোলা ছবি l প্রথম আলো

প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামে প্রতিপক্ষের অন্তত ২৫টি বাড়িঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে। আবারও হামলার আশঙ্কায় অন্তত ২২টি পরিবারের লোকজন ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এর জেরে গতকাল ভোরে এ হামলার ঘটনা ঘটে।

লক্ষ্মণদিয়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁদের গ্রামটি উমেদপুর ইউপির অন্তর্ভুক্ত। এ ইউপির চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা সাব্দার হোসেন মোল্লা। তাঁর সঙ্গে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় পার্টির নেতা মিজানুর রহমান পরাজিত হন। এর জেরে দুজনের মধ্যে বিরোধ চলে আসছে। মাঝেমধ্যেই তাঁদের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত শুক্রবার পাশের ব্রাহিমপুর গ্রামের বাসিন্দা সাব্দার মোল্লার সমর্থক আক্রাম হোসেনের ওপর প্রতিপক্ষ মিজানুরের সমর্থকেরা হামলা করে। তাঁকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরদিন শনিবার বিকেলে লক্ষ্মণদিয়া গ্রামের আবদুস শহিদ নামের একজনকে পুলিশ আটক করে। হামলাকারীদের ধারণা, তাঁকে প্রতিপক্ষের লোকজন পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। এদিকে শনিবার রাতে বেষ্টপুর গ্রামের বাসিন্দা মিজানুরের সমর্থক জাবেদ আলীকে সাব্দার মোল্লার লোকজন পিটিয়ে আহত করেন। এর জেরে গতকাল ভোরে মিজানুরের সমর্থকেরা ইউপি চেয়ারম্যান সাব্দার মোল্লার সমর্থকদের বাড়িঘরে অতর্কিতে হামলা করে।

সরেজমিনে লক্ষ্মণদিয়া গ্রামে দেখা গেছে, টিনের ঘরবাড়িতে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। বাড়িঘরে মানুষজন নেই। জাবেদা খাতুন নামের এক গৃহবধূ বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে এ হামলা হয়। হামলাকারীরা ওই গ্রামের সোহরাব হোসেন, শরিফুল ইসলাম, রাসেল আলী, মাসুদ শেখ, আবদুল করিম শেখ, বাদল শেখ, লিটন হোসেন, ফজলুর রহমান, মধু শেখ, মোজাম্মেল হক মোল্লা, ইদ্রিস আলী, রবিউল ইসলাম, শমসের মোল্লা, জাবেদ আলী, মেছের আলী, ইসলাম আলী, মোশাররফ হোসেন, সাইদুর রহমান, শরিফুল ইসলাম, রানা হোসেন, নজরুল ইসলামসহ ২৫ জনের বাড়িঘর ভাঙচুর করে।

নাম প্রকাশ না করার শর্তে গ্রামের আরেক বাসিন্দা বলেন, গত শনিবার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। যে কারণে বাড়িগুলোর পুরুষেরা বাড়িঘর ছেড়ে দেয়। এই সুযোগে ওই হামলা হয়। হামলাকারীরা পুরুষদের না পেয়ে ঘরবাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এলাকার মানুষ নতুন করে হামলার আশঙ্কায় বাড়িঘরের মালামাল নিয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে।

ইউপি চেয়ারম্যান সাব্দার মোল্লার ছেলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা বলেন, আক্রাম হোসেনকে মারধর করা হয়। এ ঘটনায় পুলিশ শহীদ নামের একজনকে আটক করে। এর কোনোটার সঙ্গেই তাঁদের লোকজন জড়িত নন। তারপরও শহিদকে আটকের অপরাধে তাঁদের লোকজনের বাড়িঘরে হামলা চালানো হয়েছে।

মিজানুর রহমান বলেন, আক্রাম হোসেনের মারপিটের ঘটনা নিয়ে এই বিরোধ নয়। মূলত জাবেদ আলীকে মারধর করার জেরে এ ঘটনা ঘটে। তাঁর সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে লক্ষ্মণদিয়া গ্রামে হামলা চালিয়েছে। হামলায় কেউ আহত হয়নি। তবে পাঁচ-ছয়টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গতকাল রাত সাড়ে আটটার দিকে জানতে চাইলে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।