২৫ ব্যক্তিকে জরিমানা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলায় ২৫ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
তিতাস উপজেলার চারটি ইউপির ১৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী, সদস্য পদপ্রার্থী ও প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মোহাম্মদ তৌহিদুল ইসলাম গত সোমবার বিকেল থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত এ জরিমানা করেন।
তাঁদের মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা করা ব্যক্তিদের মধ্যে আটজন চেয়ারম্যান পদপ্রার্থী, চারজন সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী, তিনজন সদস্য পদপ্রার্থী এবং একজন প্রার্থীর সমর্থক। জগৎপুর, কলাকান্দি, বলরামপুর ও সাতানি ইউনিয়নের এসব প্রার্থী ও সমর্থককে জরিমানা করা হয়।
কুমিল্লার হোমনা উপজেলায় দেয়ালে ও গাছে পোস্টার সাঁটানোর দায়ে গতকাল বুধবার এক চেয়ারম্যান পদপ্রার্থীসহ নয়জনকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা দেওয়া প্রার্থীরা হলেন রেজাউল করিম মামুন, মাফিয়া, রিনা বেগম, শান্তি বেগম, মহসীন, এনু মিয়া, সিরাজুল ইসলাম, দুলাল মিয়া, বাবুল মিয়া।