২৫ মা পেলেন রত্নগর্ভা পদক
তাঁদের সব সন্তানই উচ্চ শিক্ষিত। নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। দেশকে শিক্ষিত, সুসন্তান উপহার দেওয়া ২৫ মাকে ‘রত্নগর্ভা মা-২০০৯’ পদক দিয়েছে আজাদ প্রোডাক্টস। সে সঙ্গে আরও তিন মাকে বিশেষ রত্নগর্ভা এবং একজন সফল পিতাকে ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ পদক দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে শেরাটন হোটেলে রত্নগর্ভা মায়েদের হাতে এই পদক তুলে দেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।২০০৩ সাল থেকে বিশ্ব মা দিবসে এই পদক দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এ বছর পিলখানার ঘটনায় সন্তানহারা মায়েদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনজন শহীদ জননীকে বিশেষ পদক দেওয়া হয়।এ বছর রত্নগর্ভা মা পদক পেয়েছেন জমীলা খাতুন, রওশন আরা বেগম, আনোয়ারা বেগম, রাবেয়া খাতুন, ফাতেমা খাতুন, আর জে আর সালেহা খান, উম্মে সালমা চৌধুরী, বেগম গুলবাহার, আশরাফুন নাহার, রিজিয়া সালাম, মমতাজ বেগম, মুক্তিযোদ্ধা আখতার বানু, মনোয়ারা বেগম, ফজিলাতুন নেসা, বেগম জিন্নাতুন নেছা, চিত্রা সরকার, পাখী রানী বড়ুয়া, হিরণ মারিয়া গরেটি রোজারিও, বিরজা চাকমা, রিজিয়া বেগম, মেহেরুন নেসা খান, হামিদা খাতুন, সাহারা আলম, জাহানারা বেগম ও খোদেজা বেগম। তাঁদের সব সন্তানই সুশিক্ষিত এবং নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত তিন সেনা কর্মকর্তার মা ফাহমিদা আমিন, ফাতেমা খাতুন ও সৈয়দা খাদিজা আলীকে দেওয়া হয় বিশেষ পদক। আর ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ পদক পেয়েছেন ব্যারিস্টার রফিক উল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। ব্যারিস্টার রফিক উল হক, এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক, আজাদ প্রোডাক্টসের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম, এল জুয়েলার্সের কর্ণধার আনিসুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, কোনোভাবেই মায়ের মূল্যায়ন সম্ভব নয়। একেক জন মা একেকটি পৃথিবী। প্রত্যেক মা-ই রত্নগর্ভা।