২৫ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইকবাল রাজ (৩১) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার কাঞ্চন-কুড়িল সড়কের দড়িগুতিয়াব এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ইকবালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টি মামলা রয়েছে।
পুলিশের ধারণা, ভোরে অজ্ঞাত ব্যক্তিরা তাঁকে গুলি করে হত্যার পর লাশ ফেলে গেছে। তিনি উপজেলার দাউদপুর ইউনিয়নের বীর হাটাব এলাকার করিম রাজের ছেলে।
ইকবালের বড় ভাই সালাম রাজের ভাষ্য, বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে লোকজনের কাছে খবর পেয়ে তাঁরা ইকবালের গুলিবিদ্ধ লাশ শনাক্ত করেন।
এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সকাল নয়টার দিকে উপজেলার পূর্বাচল উপশহরের কাঞ্চন-কুড়িল ৩০০ ফিট সড়কের পাশে দড়িগুতিয়াব এলাকায় লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ইকবাল রাজের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। তাঁর বুকের বাঁ পাশে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি রিভলবারের গুলির খোসাও উদ্ধার করেছে পুলিশ।
ওসি জানান, নিহত ইকবালের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, নারী নির্যাতন, জমিদখলের ১৯টি মামলাসহ নারায়ণগঞ্জ আদালত এবং বিভিন্ন থানায় মোট ২৫টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে বা প্রতিপক্ষের কোনো সন্ত্রাসী গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এ ছাড়া তাঁর সত্ভাইদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।