২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস, স্বীকৃতির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবিতে গতকাল বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এর আয়োজন করে।
দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়টির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ওই মানববন্ধন হয়। আয়োজক সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান এটি সঞ্চালনা করেন। মানববন্ধনে উপাচার্য মো. আলী আকবর উপস্থিত ছিলেন।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, গত শতকের মর্মান্তিক ভয়াবহ গণহত্যাগুলোর মধ্যে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশে সংঘটিত গণহত্যা অন্যতম। কিন্তু বিশ্বে দিনটি সেভাবে আলোচিত হচ্ছে না। দিনটি আন্তর্জাতিকভাবে পালিত হলে বিশ্বে যেখানেই গণহত্যার চেষ্টা চলবে তার বিরুদ্ধে মানুষের চেতনা জাগ্রত হবে। তাই মানববন্ধনে ২৫ মার্চকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
উপাচার্য বলেন, পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা বাঙালির ওপর অত্যাচার-নির্যাতন করে আসছিল। কালরাতখ্যাত ২৫ মার্চ রাতে তারা গণহত্যা চালায়। বাংলাদেশের প্রত্যেক মানুষকে আজকের এ দাবির প্রতি একাত্মতা ঘোষণা করতে হবে।
মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়টির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সচ্চিদানন্দ দাস চৌধুরী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন, শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. আবদুর রহমান সরকার প্রমুখ বক্তব্য দেন।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ডকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের জন্য গত শনিবার সংসদে সর্বসম্মতভাবে প্রস্তাব গৃহীত হয়। জাসদের সাংসদ শিরীন আখতার দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য ১৪৭ বিধিতে প্রস্তাব উত্থাপন করেন।