২৫ মার্চ গণহত্যা দিবস ঘোষণার দাবি
জাতীয় সংসদে সর্বসম্মত প্রস্তাব গ্রহণের মাধ্যমে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতির মাধ্যমে সরকারের কাছে এ দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দিনটিকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতির জন্য আন্তর্জাতিক মহলের কাছে জোর দাবি উপস্থাপন করা উচিত বলে মনে করে সংগঠনটি। সংগঠনটির চেয়ারম্যান বীর উত্তম মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান বীর উত্তম মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী এবং মহাসচিব হারুন হাবীবের দেওয়া বিবৃতিতে বলা হয়, পাকিস্তান নতুন করে বাংলাদেশের মাটিতে গণহত্যার সুপ্রতিষ্ঠিত ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টায় লিপ্ত। ১৯৭১ সালের ২৫ মার্চের ‘কালরাত্রি’র ভয়াবহ ঘটনাবলিসহ মুক্তিযুদ্ধের নয় মাসে নির্বিচারে গণহত্যা ও নারী নির্যাতনের ইতিহাস বাংলাদেশসহ গোটা বিশ্বে সংরক্ষিত ও স্বীকৃত। তাই দিনটিকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতির জন্য আন্তর্জাতিক মহলের কাছে জোর দাবি জানানো উচিত।