২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব উঠছে সংসদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব জাতীয় সংসদে উঠছে। ১১ মার্চ এ-সংক্রান্ত প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী গতকাল বৃহস্পতিবার সংসদে এ কথা জানান।

সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি অধিবেশন ৯ মার্চ পর্যন্ত চলার কথা। তবে এই আলোচনার জন্য অধিবেশন ১১ মার্চ পর্যন্ত চলবে। সংসদে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হলে পরে নির্বাহী বিভাগ তা কার্যকর করবে।

সংসদে আলোচনার ভিত্তিতে চলতি মাসেই ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন দুজন মন্ত্রী। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আয়োজিত কর্মচারী প্রতিনিধি সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা জানান। ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস ঘোষণা ও দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২৫ মার্চ শুধু নয়, একাত্তরের ৯ মাসে প্রতিদিনই ছিল মানুষ হত্যার নারকীয় উৎসব। এ ৯ মাস গ্রামে-গঞ্জে-শহরে-বন্দরে পাখির মতো মানুষ হত্যা করা হয়েছিল। আমরা সবাই জানি। তবু প্রতীকী হিসেবে আজকে সবাই দাবি করছেন ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা হোক। আন্তর্জাতিক ক্ষেত্রেও স্বীকৃতি দেওয়া হোক। এই মার্চে এটা নিয়ে সংসদে আলোচনা আছে।’

নৌপরিবহনমন্ত্রী ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণার দাবি জানিয়ে বলেন, এই দাবি বাংলার ১৭ কোটি মানুষের দাবি। সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ওয়ারেছ আলী, মহাসচিব হেদায়েত হোসেন প্রমুখ।