২৫ মার্চ গণহত্যা দিবস পালনের সিদ্ধান্তে সাংসদদের ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব সাংসদকে ধন্যবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। একই সঙ্গে দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকারসহ সব মহলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে তারা।
শনিবার সংসদে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রোববার সংগঠন দুটি পৃথক বিবৃতি দেয়।
বিবৃতিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বলেছে, ১৯৯৩ সালের ২৫ মার্চ শহীদজননী জাহানারা ইমাম এই দিবস ঘোষণার দাবি জানিয়েছিলেন। তখন থেকে নির্মূল কমিটি প্রতিবছর এই দাবি জানিয়ে আসছিল। দেরিতে হলেও গণহত্যা দিবস জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত ৩০ লাখ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সহজ হবে।
সেক্টর কমান্ডারস ফোরাম বলেছে, ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত জাতীয় জীবনের এক নতুন ঐতিহাসিক অধ্যায় এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মার প্রতি জাতীয় দায়বদ্ধতা পূরণ। এই প্রস্তাব গণহত্যা অস্বীকারের নির্লজ্জ পাকিস্তানি অপপ্রচারের যোগ্য জবাব হিসেবে বিবেচিত হবে।