সাভার কলেজে আজ বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হবে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের। তবে জাতীয় জীবনে ২৫ মার্চের মতো শোকাবহ দিনে এমন আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে।জানা গেছে, নবীনবরণের অনুষ্ঠান শুরু হবে বেলা ১১টায়। কবুতর উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাংসদ তালুকদার তৌহিদ জং। এর পর পরই বরণ করে নেওয়া হবে শিক্ষার্থীদের। বক্তব্যের পালা শেষে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে কলেজকে সাজানো হয়েছে নতুন সাজে।কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মো. শাহাবুদ্দিন বলেন, ‘২৫ মার্চ কালরাতের কয়েক ঘণ্টা আগে নবীনবরণের নামে এ ধরনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বাঙালি জাতি হিসেবে মেনে নেওয়া যায় না।’এমন আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দর্শন বিভাগের প্রধান কালী প্রসন্ন দাস। তিনি বলেন, ‘যে দিনটিতে আমার শিক্ষক ও ছাত্রদের নির্বিচারে হত্যা করা হয়েছে, সে রকম একটি দিনে নবীনদের বরণ করে নেওয়ার নামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা বেদনাদায়ক। শিক্ষকদের পক্ষ থেকে আমরা অধ্যক্ষকে বোঝানোর চেষ্টা করেছি।’ কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস বলেন, সাংসদের কাছ থেকে কোনো সময় না পেয়ে বাধ্য হয়ে এমন একটি দিনেই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।