২৫ মার্চ 'গণহত্যা দিবস' পালনের প্রস্তাব উঠছে সংসদে
একাত্তরে পাকিস্তানি বাহিনীর বর্বর নির্মমতায় নিহত ব্যক্তিদের স্মরণে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালনের প্রস্তাব সংসদে উঠছে। ১১ মার্চ এ-সংক্রান্ত প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হবে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
আজ বৃহস্পতিবার অধিবেশনের শুরুতে শিরীন শারমিন সংসদকে এ বিষয়ে অবহিত করেন। তিনি আরও বলেন, ‘১১ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন চলমান থাকবে। ৯ মার্চ রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সমাপ্ত হবে।’
২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব নিয়ে সংসদে আলোচনার পর তা গৃহীত হলে পরে নির্বাহী বিভাগ এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।
গত ২২ জানুয়ারি শুরু হয় সংসদের অধিবেশন। ওই দিন সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
পরে চিফ হুইপ আসম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনেন। পরে এই প্রস্তাবের ওপর আলোচনা শুরু করেন সংসদ সদস্যরা।
কার্য উপদেষ্টা কমিটি ৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়। অধিবেশনের মেয়াদ বাড়াতে-কমাতে কমিটি স্পিকারকে ক্ষমতা দেয়।
চলতি অধিবেশনে সংসদে এক অনির্ধারিত আলোচনায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্তরে পাকিস্তানি বাহিনীর নির্মমতা ভবিষ্যৎ প্রজন্মও যেন জেনে বড় হয়, সে লক্ষ্যে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালনের উদ্যোগ নিতে বলেন।
ওই দিন স্পিকার শিরীন শারমিন বলেন, ‘২৫ মার্চে গণহত্যা দিবস পালনের দাবি সংবলিত একটি প্রস্তাব আমি ইতিমধ্যেই পেয়েছি। আমাদের একজন মাননীয় সংসদ সদস্য বিষয়টি দিয়েছেন। আমরা অগ্নিঝরা মার্চের যেকোনো একদিন সংসদের বৈঠকে আলোচনা করব।’
ওই দিন পাকিস্তান থেকে প্রকাশিত একটি বইয়ে ‘মিথ্যা’ তথ্যের বিরুদ্ধে সংসদে আলোচনার সূত্রপাত করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।