একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস প্রতিষ্ঠার দাবি
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। গতকাল বুধবার ২৫ মার্চ গণহত্যার কালরাত স্মরণে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘আলোর মিছিল’ শীর্ষক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে রাত আটটায় এ আলোর মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সরকার সব ধরনের চেষ্টা করবে। এ ছাড়া বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বর্তমান সরকার কাজ করছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জামায়াতে ইসলামীর ‘অঘোষিত আমির’ উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, তিনি বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারেননি, এ জন্য পেট্রলবোমা দিয়ে মানুষ হত্যা করে ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন। সমাজের সর্বস্তরের মানুষকে এই ‘গণহত্যার’ বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম সরকারের কাছে প্রশ্ন রাখেন, দেশে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করা হচ্ছে, নব্য ফ্যাসিবাদের জন্ম হচ্ছে, অথচ সন্ত্রাসবিরোধী আইন কেন প্রয়োগ করা হচ্ছে না? তিনি এই আইন প্রয়োগ করে চলমান সন্ত্রাস নির্মূলের দাবি জানান।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, একাত্তরের ২৫ মার্চের কালো থাবা আবারও দেশকে গ্রাস করতে উদ্যত হচ্ছে।
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, এ দাবিতে আগামী এক বছরে ১০ লাখ স্বাক্ষর সংগ্রহ করে জাতিসংঘের মহাসচিবের কাছে পাঠানো হবে। তিনি আশা করেন, এ দাবি আদায়ের জন্য সরকার সর্বোচ্চ পদক্ষেপ নেবে।
২৫ মার্চের কালরাতে পাকিস্তানি সেনাদের হাতে গণহত্যার শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সহসভাপতি আমেনা আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন হাবীব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর প্রমুখ। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মুকুলের পরিচালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী।
আলোচনা শেষে স্বাধীনতা ও গণহত্যার ৪৪তম বার্ষিকী উপলক্ষে ৪৪টি মশাল জ্বালান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। এ সময় শহীদদের স্মরণে মোমবাতি জ্বালান আয়োজক সংগঠনের নেতা-কর্মীরা। এই আলোর মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে গিয়ে শেষ হয়।