২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে আজ শনিবার বিকেলে ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন নির্ঘণ্ট গ্রন্থমালা’ এর মোড়ক উন্মোচন করা হয়। ছবি: আবদুস সালাম
বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে আজ শনিবার বিকেলে ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন নির্ঘণ্ট গ্রন্থমালা’ এর মোড়ক উন্মোচন করা হয়। ছবি: আবদুস সালাম

‘১৯৭১: গণহত্যা-নির্যাতন নির্ঘণ্ট গ্রন্থমালা’র নতুন ১০টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে আজ শনিবার বক্তারা সরকারের কাছে দাবি করেছেন, ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দিতে হবে। সরকারি স্বীকৃতি না পেলেও দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন বক্তারা।

১৯৭১ গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট আজ শনিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে।
জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, সরকার যদি ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি নাও দেয়, তাহলে দেশের মানুষ যেন তাঁর নিজ নিজ এলাকায় দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করে। তাহলে আলাদাভাবে সরকারের স্বীকৃতির আর প্রয়োজন হবে না।
গণহত্যা অস্বীকার আইনের খসড়া প্রস্তুত করার জন্য আইন কমিশনকে ধন্যবাদ জানান মুনতাসীর মামুন। তিনি দ্রুত এই আইনটি প্রণয়নের তাগিদ দিয়ে বলেন, আইনমন্ত্রী আনিসুল হক কথা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি কক্ষ বরাদ্দ রাখা হবে যুদ্ধাপরাধের বিচারের নথি সংরক্ষণ করার জন্য। যত দ্রুত এ কাজটি হবে তত ভালো।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কবি রফিক আজাদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর গ্রন্থমালার নতুন প্রকাশিত ১০টি বই লেখকদের হাতে তুলে দেন প্রকাশনা অনুষ্ঠানের সভাপতি বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। তিনি বলেন, একাত্তরের গণহত্যাকে অস্বীকার করলে মুক্তিযুদ্ধ থাকে না, মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে গণহত্যা থাকে না। মুক্তিযুদ্ধ ও গণহত্যার ইতিহাস সমুন্নত রাখতে মানুষকে আহ্বান জানিয়ে তিনি নিজে মৃত্যু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
২০১৪ সালের ১৭ মে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত তিন দফায় দেশের বিভিন্ন স্থানে গণহত্যার ৩১টি বই প্রকাশ করেছে গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর। আজ এই গ্রন্থমালার সর্বশেষ ১০টি বইয়ের মোড়ক উন্মোচন করা হলো।
মানবতাবিরোধী অপরাধের চলমান বিচারে গণহত্যা গ্রন্থমালা গুরুত্বপূর্ণ অবদান রাখতে বলে মত দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, মানুষের মুখের কথার এ ইতিহাস সংগ্রহের কাজ দ্রুত শেষ করতে হবে, কারণ আর কিছুদিন পর গণহত্যার প্রত্যক্ষদর্শী খুঁজে পাওয়া যাবে না।
যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে শাহরিয়ার কবির বলেন, বিচারকদের নিরপেক্ষ হলে চলবে না, তাঁদের সবাইকে মুক্তিযুদ্ধের পক্ষের হতে হবে।
প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক তাজুল মোহাম্মদ। স্বাগত বক্তব্য দেন জাদুঘরের ট্রাস্টি ও কবি তারিক সুজাত।