২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরিয়ার কবির ।  ফাইল ছবি
শাহরিয়ার কবির । ফাইল ছবি

১৯৭১ সালের ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। পাশাপাশি জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলামী, আলশামস, আলবদরসহ একাত্তরের সব যুদ্ধাপরাধী সংগঠন ও ১৯৫ জন চিহ্নিত পাকিস্তানের যুদ্ধাপরাধীর বিচারের দাবিও জানিয়েছে সংগঠনটি।
নির্মূল কমিটির রজতজয়ন্তী ও সপ্তম জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে আজ শুক্রবার এই দুই দাবিসহ মোট ১০ দফা দাবি প্রস্তাব করা হয়। নির্মূল কমিটির সহসভাপতি মুনতাসীর মামুন এসব দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস দাবি, গণহত্যা দিবস পালন, যুদ্ধাপরাধীদের বিচার গতিশীল করতে দ্বিতীয় ট্রাইব্যুনাল আবার চালু, সংবিধানের চার মূলনীতিতে ফিরে যাওয়া, পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বিষয়গুলো অন্তর্ভুক্ত করার ঘটনা তদন্তে একটি কমিশন গঠন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ ও জাতীয় চেতনা বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা চালু, বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধবিষয়ক একটি কোর্স চালু এবং আপিল বিভাগে যেসব যুদ্ধাপরাধীর মামলা রয়েছে, দ্রুত সেগুলো শেষ করা।

সমাপনী অধিবেশনের সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী জাতনিরপেক্ষ সমাজ গড়ে তোলার দাবি জানান। দুই দিনের সম্মেলনের মূল বক্তব্য তুলে ধরে সবার মতামত নেন নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
বক্তব্য রাখতে এসে একাত্তরে নিহত বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের মেয়ে শমী কায়সার বলেন, সাংস্কৃতিক আন্দোলন ছাড়া মৌলবাদ দমন সম্ভব নয়। কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশিদও সাংস্কৃতিক আন্দোলনের ওপর জোর দেন।
ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ার দাবি নিয়ে এবারের রজতজয়ন্তী পালিত হচ্ছে। সেই দাবিকে সমর্থন করে শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরীর ছেলে তানভীর হায়দার চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এটা অবশ্যই স্বস্তির। কিন্তু ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ না হলে আমরা পুরোপুরি শান্তি পাচ্ছি না। আমাদের বাবার আত্মাও হয়তো শান্তি পাচ্ছে না। তাই আমরা সংবিধানের চার মূলনীতিতে পুরোপুরি ফেরত যেতে চাই।’
ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক আইন সম্পাদক তুরিন আফরোজ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল রয়েছে, সেটি স্থানান্তর করা যাবে না। সেখানে জাদুঘর তৈরি করতে হবে।
শিক্ষাবিদ মমতাজ লতিফ বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এখনো জামায়াত-শিবিরের কর্মকর্তারা ঘাপটি মেরে আছেন বলেই পাঠ্যপুস্তকে হেফাজতের প্রস্তাব অন্তর্ভুক্ত হয়।
আলোচনা অনুষ্ঠান শেষে শাহরিয়ার কবিরকে সভাপতি এবং কাজী মুকুলকে সাধারণ সম্পাদক করে নির্মূল কমিটির নতুন কমিটি গঠিত হয়। উপদেষ্টা কমিটির সভাপতি করা হয় বিচারপতি গোলাম রাব্বানীকে।
এর আগে সকালে ‘বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও বি-মৌলবাদীকরণের কৌশল’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। তাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, মানুষের যৌথ প্রচেষ্টাই পারে মৌলবাদ থেকে রক্ষা করতে।