২৫ মার্চকে 'আন্তর্জাতিক গণহত্যা দিবস' ঘোষণার দাবি
২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি দাবি জানিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন। এ ব্যাপারে এখনই কার্যকর ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি
আজ মঙ্গলবার সকালে সেগুনবাগিচার স্বাধীনতা হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
শাহজাহান খান বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাই ২৫ মার্চের হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত আদায় করা হবে। তিনি বলেন, ২৫ মার্চের গণহত্যা শুধুমাত্র এক রাতের হত্যাকাণ্ডই ছিল না। এটা ছিল বিশ্ব সভ্যতার জঘন্যতম হত্যাকাণ্ডের সূচনা। এর পর নয় মাসে পাকিস্তানি হানাদাররা ৩০ লক্ষ নিরপরাধ নারী, পুরুষ শিশুকে জঘন্যভাবে হত্যা করে।
নৌপরিবহন মন্ত্রী ২৫ মার্চকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনের সামনে দিনব্যাপী এক কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচি অনুযায়ী সকালে থাকছে ’৭১ এর ভয়াবহ গণহত্যার আলোকচিত্র প্রদর্শনী। বিকেলে আলোচনা সভাও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় ’৭১ এর গণহত্যায় নিহতদের স্বরণে মোমবাতি প্রজ্বলন এবং গণহত্যার ওপর নির্মিত প্রামাণ্য ও চলচ্চিত্র প্রদর্শনী।