২৫ মার্চকে 'গণহত্যা দিবস' ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। একই সঙ্গে দিনটিকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি অর্জনের জন্য যা কিছু করা দরকার, তা-ও করার আহ্বান জানানো হয়েছে।
১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে গতকাল সোমবার খুলনা প্রেসক্লাব মিলনায়তনে ‘বাংলাদেশের গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি ও বিচার’ শীর্ষক স্মারক বক্তৃতায় শাহরিয়ার কবির এ আহ্বান জানান।
শাহরিয়ার কবির বলেন, মহাজোট সরকার গণহত্যাকারীদের বিচার করলেও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এর গুরুত্ব সম্পর্কে নীতিনির্ধারকদের ধারণা স্বচ্ছ নয়। এই বিচারের গুরুত্ব অনুধাবন করলে সরকারকে ২৫ মার্চ গণহত্যা দিবস ঘোষণা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পেলে সরকার মানবতাবিরোধী অপরাধী ও যুদ্ধাপরাধীদের বিচারের যে উদ্যোগ নিয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা আরও বাড়বে এবং এই বিচারের বিরুদ্ধে জামায়াতে ইসলামী ও পাকিস্তানের যাবতীয় অপতৎপরতা ব্যর্থ হবে।
বাংলাদেশের গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতির উদ্যোগ সরকারিভাবে নেওয়া হলে ভারত ও রাশিয়াসহ যেসব দেশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে ছিল, তারা সবাই সমর্থন করবে বলেও মনে করেন শাহরিয়ার কবির।
নির্মূল কমিটির পক্ষ থেকে গত ১০ বছরে বিভিন্ন দেশের আইনপ্রণেতা, গণমাধ্যম ও সিভিল সোসাইটির নেতাদের কাছে ‘২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস’ করার যৌক্তিকতা তুলে ধরা হয়েছে বলে জানান শাহরিয়ার কবির। অনুষ্ঠানে তাঁরই সম্পাদিত ‘চুকনগর গণহত্যা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন বীরাঙ্গনা রঞ্জিতা মল্লিক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর, ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সম্পাদক শেখ বাহারুল আলম।