২৫ মের আগে আম বাজারজাত করা যাবে না
চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারগুলোতে ২৫ মের আগে আম বাজারজাত করা যাবে না। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া রাসায়নিক ব্যবহার করে আম পাকানো প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জানান, প্রশাসন, কৃষি বিভাগ ও আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের (আম গবেষণা কেন্দ্র) কর্মকর্তা, আমচাষি ও ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন। সবার মতামতের ভিত্তিতে নিরাপদ ও পরিপক্ব আম পেতে ভোক্তাদের স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের অত্যধিক গরম আবহাওয়ার কথা মাথায় রেখে আম বাজারজাত করার সময় গত বছরের চেয়ে এক সপ্তাহ আগানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাজদার রহমান, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সাইফুর রহমান, আম গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জমির উদ্দিন ও শরফ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর্জা শাকিলা দিল হাছিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আবদুল হান্নান, ভোলাহাট আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, গোমস্তাপুর আম চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি মাইনুল ইসলাম বিশ্বাসসহ বিভিন্ন এলাকার আম ব্যবসায়ীদের নেতৃবৃন্দ।
এ প্রসঙ্গে বাংলাদেশ ম্যাঙ্গো প্রোডিউসার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার্সের সভাপতি আবদুল ওয়াহেদ প্রথম আলোকে বলেন, রাসায়নিক দিয়ে আম পাকানোর বিরুদ্ধে পদক্ষেপের বিষয়টি সমর্থনযোগ্য। কিন্তু এই উত্তপ্ত আবহাওয়ায় আম বাজারজাত করার বিষয়ে সময় বেঁধে না দিলেই ভালো হতো। এমনিতে আম ব্যবসায়ীরা হয়তো এর আগে আমের বাজার জমবে না। কিন্তু কোথাও কোথাও গুটিজাতের আম পেকেও যেতে পারে। সে ক্ষেত্রে বিশেষ বিবেচনায় এ সব আম বাজারজাত করার সুযোগ থাকা দরকার।