২৫ ম্যাজিস্ট্রেট, ২০০ র্যাব ও ১২টি ভিডিও ক্যামেরা
ভোলা-৩ আসনে আজ ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকেই উপজেলা পরিষদ থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে ব্যালট বাক্স ও ভোট গ্রহণের আনুষঙ্গিক জিনিসপত্র বুঝিয়ে দেওয়া শুরু হয়। পুলিশ ছাড়াও ২৫ জন ম্যাজিস্ট্রেট ও র্যাবের ২০০ সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ১২টি ভিডিও ক্যামেরা সার্বক্ষণিক চিত্র ধারণ করবে।গতকাল সকালে পুলিশ, দাঙ্গা পুলিশ, আনসাররা দায়িত্ব বুঝে নেওয়ার জন্য লালমোহন উচ্চবিদ্যালয় মাঠে জমায়েত হয়। সেখানে ভোলার পুলিশ সুপার (এসপি) বশির আহমেদ সবার দায়িত্ব সম্পর্কে অবগত করেন। যাতে নারী ভোটাররা সহজে ভোট দিতে পারেন, সেদিকে খেয়াল রাখতে কেন্দ্রগুলোতে দায়িত্ব পাওয়া পুলিশদের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া পুলিশ সদস্যদের উত্তেজিত না হয়ে ধৈর্য ধরে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করারও পরামর্শ দেন পুলিশ সুপার।রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, তাঁরা প্রথমে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। পরে বিএনপি আরও নয়টি এবং আওয়ামী লীগ আরও ছয়টি কেন্দ্রের নাম পাঠায়। এ নিয়ে পরে মোট ঝুঁকিপূর্ণ কেন্দ্র হয় ৫২টি। তিনি বলেন, প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি কেন্দ্রে ১৪ জন অস্ত্রধারী পুলিশ ও লাঠিসহ ১০ জন পুলিশ মোতায়েন করা হচ্ছে। এর বাইরে প্রতি কেন্দ্রের জন্য পাঁচজন পুলিশ ভ্রাম্যমাণ থাকবে। এর বাইরে র্যাবের পাঁচটি ভ্রাম্যমাণ দল এবং ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টহলে থাকবেন। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে র্যাবের ক্যাম্প স্থাপন করা হয়েছে। এখানে র্যাবের মোট ২০০ সদস্য দায়িত্ব পালন করবেন। এর বাইরে সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা নজরদারিও রয়েছে।এ ছাড়া নির্বাচন কমিশনের নিজস্ব ৩৫ জন নীরব পর্যবেক্ষক থাকবেন। ২০ জন লালমোহনে আর ১৫ জন তজুমদ্দিনে থাকবেন। এ ছাড়া ভোটের দিন বিভিন্ন কেন্দ্রের চিত্রধারণ করার জন্য নির্বাচন কমিশনের ১২টি ভিডিও ক্যামেরা থাকবে। এর বাইরে প্রত্যেক প্রার্থীর সঙ্গে একটি ভিডিও ক্যামেরা, পাঁচজন পুলিশ ও একজন ম্যাজিস্ট্রেট আছেন।রিটার্নিং কর্মকর্তা বলেন, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চর জহিরউদ্দীনের জন্য বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। সেখানে র্যাবের একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। র্যাবের ৩৫ জন সদস্য ও একজন কর্মকর্তা থাকবেন। এর বাইরে কোস্টগার্ড রয়েছে। সেখানে কমিশনের পাঁচজন নীরব পর্যবেক্ষকও থাকবেন।