২৫ যাত্রীর মৃত্যুতে চালকের বিরুদ্ধে মামলা
বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগে বাসের চালক জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার কৈডুবি সদরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস দুর্ঘটনায় প্রাণ হারান ২৫ জন। রাতেই চালকের বিরুদ্ধে মামলা হয়।
ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলামের ভাষ্য, গ্রেপ্তার হওয়া চালক জাকির হোসেন পুলিশ হেফাজতে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চালকের বিরুদ্ধে মামলা করেছেন ভাঙ্গা হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক মমিনুর রহমান।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসনিক তদন্ত কমিটির পাশাপাশি হাইওয়ে পুলিশ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান মাদারীপুরের পুলিশ সুপার সাজিদ হোসেন। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
দুর্ঘটনার শিকার ‘সোনার তরী পরিবহনের’ ওই বাস ঢাকা থেকে পটুয়াখালীর খেপুপাড়া যাচ্ছিল। গতকাল রাত নয়টার দিকে রাজধানীর গাবতলী থেকে ছেড়ে যাওয়া বাসে যাত্রী হয়ে ওঠেন অর্ধশতাধিক লোক। বাসটি ওই এলাকায় যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এটি মহাসড়কের বাঁ পাশে একটি কড়ইগাছে আঘাত করে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী রুবি আক্তার (১৮) বলেন, ‘চালক গাবতলী থেকে ছাড়ার পর থেকে বাসটিকে অত্যন্ত দ্রুতগতিতে চালাচ্ছিল। এ ব্যাপারে তাকে যাত্রীরা বারবার সতর্ক করলেও সে তাতে কান দেয়নি।’ একই অভিযোগ করেন আহত যাত্রী মো. সিদ্দিকুর রহমান (৩২) ও মো. জাকির হোসেন (৩০)।
হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার বেলাল হোসেনের ভাষ্য, বাসচালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাসচালক মো. জাকির হোসেন (৪০) ও তাঁর সহকারী মো. মন্টু খান (৩৫) দাবি করেন, যাত্রীবেশী ডাকাতেরা হামলা করে বাসের নিয়ন্ত্রণ নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। জাকিরের ডান পায়ের হাড় ভেঙে গেলেও অক্ষত আছেন মন্টু।
জাকিরের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ও মন্টুর বরিশাল সদর উপজেলায়। জাকির দাবি করেন, রাত একটার দিকে ভাঙ্গা থেকে এক কিলোমিটার আগে কয়েকজন ডাকাত তাঁকে মারধর করে গাড়ির নিয়ন্ত্রণ নেয়। পরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসান বলেন, ‘চালক মিথ্যা দাবি করছেন। আহত যেসব যাত্রীর সঙ্গে কথা বলেছি, তাঁদের সবারই বক্তব্য হচ্ছে-চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর এ দুর্ঘটনা ঘটে।’
আরও জানতে পড়ুন: