গৌরনদী উপজেলায় একটি বেসরকারি সংস্থার কর্মকর্তারা সদস্যদের ২৫ লাখ টাকা নিয়ে আত্মগোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। টাকা হারিয়ে বিপাকে পড়েছেন ৩০০ সদস্য। ভুক্তভোগী ব্যক্তিরা গত শনিবার এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন।
সংস্থাটির নাম পল্লী উন্নয়ন সংস্থা (পিইউএস)। গৌরনদীর মাহিলাড়া বাসস্ট্যান্ড এলাকায় এর কার্যালয়।
স্থানীয় লোকজন ও ভুক্তভোগী সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, নড়াইল জেলা সদরের জাহানারা বেগম (৪৫) ও গোপালগঞ্জ জেলা সদরের সালমা আক্তার (২৫) গত এপ্রিল মাসে এখানে পিইউএসের কার্যালয় খোলেন। জাহানারা নিজেকে উপজেলা ব্যবস্থাপক ও সালমা মাঠ সংগঠক হিসেবে নিজেকে পরিচয় দেন। সংস্থার সাইনবোর্ডে দেখা যায়, ঢাকায় এর কেন্দ্রীয় কার্যালয় আর সেখান থেকেই এ সংস্থার নিবন্ধন করা হয়েছে।
সংস্থার সদস্য ফরমে দেখা যায়, গ্রামের ১৮ থেকে ৪৫ বছরের নারী ও পুরুষেরা ১৫০ টাকা জমা দিয়ে ফরম পূরণ করে সদস্য হতে পারবেন। একই পরিবারের একাধিক ব্যক্তিরও সদস্য হতে বাধা নেই। সদস্য হওয়ার পর সপ্তাহে ২৫ টাকা করে জমা দিতে হবে। তিন সপ্তাহ পার হলে সমিতির এক-তৃতীয়াংশ সদস্যকে ঋণসুবিধা দেওয়া হবে।
ভুক্তভোগী সূত্র জানায়, কর্মকর্তারা তাঁদের বলেন, সদস্যদের সামান্য সুদে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা ঋণ দেওয়া হবে। ঋণের জন্য কোনো বন্ধকি রাখতে হবে না। শুধু ঋণ পাওয়ার আগে ১০ শতাংশ হারে আমানত জমা দিতে হবে। কেউ সদস্য হওয়ার পর তিন মাসের মধ্যে মারা গেলে মৃত ব্যক্তির উত্তরাধিকারীকে এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে এবং ঋণের টাকাও মওকুফ হবে।
সদস্যরা বলেন, এসব প্রস্তাব শোনার পর তাঁরা সর্বনিম্ন ৫ হাজার ও সর্বোচ্চ ২০ হাজার টাকা আমানত জমা দেন। গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া, বাঘার, ভিমেরপাড় ও কেফায়েতনগর এবং বাটাজোর ইউনিয়নের বাটাজোর, হরহর, বছার, ঘেয়াঘাট, লক্ষ্মণকাঠী, জয়সুরকাঠী, চন্দ্রহার ও উত্তর পশ্চিম চন্দ্রহার এই ১২টি গ্রামের ৩০০ জন পিইউএসের সদস্য হন। তাঁরা প্রায় ২৫ লাখ টাকা এ সংস্থায় জমা রাখেন।
ক্ষতিগ্রস্ত রুবিনা আক্তার (৩২), পারভিন বেগম (৩০), শিল্পী বেগম (৩৫) ও মাহমুদা (৪৫) বলেন, গত ১৬ জুন সদস্যদের একসঙ্গে ঋণ দেওয়ার কথা ছিল। সে অনুযায়ী তাঁরা টাকা নিতে যান। সংস্থার কার্যালয়ে গিয়ে তাঁরা দেখেন, সেখানে কেউ নেই। কার্যালয়ে তালা ঝুলছে।
বাটাজোর ইউনিয়নের বছার গ্রামের কৃষক নিহার সরকার (৪৫) বলেন, ‘মোর সব শেষ অইয়া গেছে। লোভে পড়ে ধানের জমিটুকু বন্ধক দিয়ে ২০ হাজার টাকা দিছিলাম। আশা ছিল, ২ লাখ টাকা ঋণ পেয়ে মাছের পোনার ব্যবসা করমু, সংসার ভালো চলবে। এহন কী দিয়া জমিটুকু ছাড়ামু।’
লক্ষ্মণকাঠী গ্রামের সাইদুল ইসলাম বলেন, ৫০ হাজার টাকা ঋণের আশায় ধার করে ৫ হাজার টাকা দিয়েছিলেন তিনি। সেটা দিয়ে তিনি ভ্যান কিনতে চেয়েছিলেন। কিন্তু তা আর হলো না।
পল্লী উন্নয়ন সংস্থার জাহানারা ও সালমা আক্তারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের পাওয়া যায়নি। তাঁদের মুঠোফোন বন্ধ রয়েছে।
ভুক্তভোগী ব্যক্তিরা বলেন, তাঁরা এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিদের পক্ষে তিনজন গত শনিবার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। ওই কর্মকর্তাদের আটক করার চেষ্টা চলছে।