২৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলি করে দোকানের ২৫ লাখ টাকা লুটের ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত যাত্রাবাড়ী থানার পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় আহত হন দোকানের মালিক আবুল খায়ের, তাঁর জামাতা আরশেদ আলী ও দোকান কর্মচারী মকবুল হোসেন। তাঁরা বতর্মানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।আহত আবুল খায়েরের লিখিত অভিযোগ যাত্রাবাড়ী থানা গতকাল মামলা হিসেবে গ্রহণ করেছে। মামলায় অজ্ঞাতনামা সাত-আটজন দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ইতিমধ্যে দোকান লুটে অংশ নেওয়া ছিনতাইকারীদের নাম-ঠিকানা পাওয়া গেছে। যেকোনো মুহূর্তে তারা পুলিশের হাতে ধরা পড়বে।এদিকে আহতদের মধ্যে আবুল খায়েরের অবস্থা গুরুতর বলে তাঁকে তত্ত্বাবধানকারী চিকিত্সক সালমা সুলতান জানিয়েছেন।গত বুধবার দুপুরে সাত-আটজন দুর্বৃত্ত যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণির মেসার্স আবুল খায়ের ট্রেডার্স নামে পাইকারি মুদি দোকানে ঢুকে দোকান মালিক ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ থেকে ২৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে দোকানের মালিক আবুল খায়ের, তাঁর জামাতা আরশেদ আলী ও দোকান কর্মচারী মকবুল হোসেন আহত হন।