২৫ লাখ টাকার জাল নোটসহ আটক ৩
রাজধানীর পল্টন ও কল্যাণপুরে অভিযান চালিয়ে গত সোমবার রাতে প্রায় ২৫ লাখ টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইব্রাহিম হাওলাদার (৩৫), নার্গিস আক্তার (২৭) ও শারমিন আক্তার (২০)। তাঁদের কাছ থেকে ২৫ লাখ বাংলাদেশি জাল নোট, প্রায় দেড় কোটি জাল নোট বানানোর সরঞ্জামসহ অন্য জিনিসপত্র উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবির উপকমিশনার মুনিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল পল্টনে অভিযান চালায়। সেখান থেকে দুই লাখ টাকার জাল নোটসহ ইব্রাহিমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানান, তাঁর কাছ থেকে উদ্ধার করা জাল নোটগুলো কল্যাণপুর আবাসিক এলাকায় একটি কারখানা থেকে তৈরি করা। এমন তথ্যের ভিত্তিতে কল্যাণপুর এলাকায় অভিযান চালায় ডিবির দল। সেখানে একটি বাড়ির চারতলা থেকে নার্গিস ও শারমিনকে আটক করা হয়। তাঁদের কাছে থাকা ২৩ লাখ টাকার জাল নোট এবং আরও দেড় কোটি টাকার জাল নোট তৈরির বিশেষ কাগজ, কালি, কম্পিউটার প্রিন্টার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিবি জানায়, গত ঈদুল আজহার সময় ডিবি জাল টাকার ছয়টি কারখানা আবিষ্কার করে। জাল টাকা তৈরির মূল হোতা জাকির মাস্টার ও কাওছার নামের দুজন দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে ছিলেন। রোজা শুরু হওয়ার পর ওই দুজন পলাশ নামের এক ব্যক্তিকে দিয়ে কল্যাণপুরে বাসায় কারাখানা স্থাপন করেন।
ডিবি জানায়, আটক ইব্রাহিম জানান, তিনি ও পলাশ প্রায় ১০ বছর ধরে জাকির ও কাওছারের কাছ থেকে জাল টাকা কিনে তা বাজারে সরবরাহ করতেন। ইব্রাহিম এর আগে আরও দুবার মাদক ও জাল টাকার ব্যবসা করার কারণে কারাগারে ছিলেন। ২০১১ সালে পলাশ ৫২ লাখ টাকার জাল নোটসহ ডিবির কাছে ধরা পড়েছিলেন। অপর দিকে কাওছার ২০১১ সালে ধরা পড়া জাল টাকা ব্যবসার অন্যতম হোতা হুমায়ুনের ছোট ভাই। ২০১২ সালে ডেমরা থানার বাঁশেরপুল এলাকায় জাকিরের বাসায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাঁর স্ত্রী, শ্যালক ও অন্যান্য আসামিকে গ্রেপ্তার করে জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সামগ্রী ও ৬৮ লাখ টাকা উদ্ধার করেছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।