২৫ লাখ টাকার জাল মুদ্রাসহ গ্রেপ্তার ৩
রাজধানীর পল্টন ও মিরপুর এলাকার কল্যাণপুরে ২৫ লাখ টাকার জাল মুদ্রা, দেড় কোটি টাকার জাল নোট তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তার হওয়া তিনজন হলেন ইব্রাহিম হাওলাদার, নার্গিস আক্তার ও শারমিন আক্তার।
গতকাল সোমবার রাত ১১টায় ডিবির অতিরিক্ত উপপরিদর্শক (এডিসি) মশিউর রহমানের একটি দল এসব এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে এবং তাঁদের কাছ থেকে দেড় কোটি জাল টাকার নোট বানানোর বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করেছে।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে এডিসি মশিউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, জাল টাকা তৈরির এই চক্রের এবারের রোজার ঈদে ৫০ কোটি টাকার জাল নোট বাজারে ছাড়ার লক্ষ্য ছিল।পল্টনে জোনাকি সিনেমা হল এলাকার পাশ থেকে ইব্রাহিমকে দুই লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। ইব্রাহিমের দেওয়া তথ্য অনুযায়ী কল্যাণপুর গার্লস কলেজের পাশে একটি অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায় অভিযান চালিয়ে নার্গিস ও শারমিনকে ২৩ লাখ টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।
মশিউর রহমান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এক যুগ ধরে জাল টাকা ছেপে তা বাজারে ছেড়ে আসছিলেন। বিভিন্ন সময় ডিবি এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করে। কিন্তু জামিন পেয়ে বের হয়ে তাঁরা আবার জাল টাকা তৈরির সঙ্গে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা হয়েছে।