২৫ লাখ টাকার মুঠোফোন সেট গায়েব করে ব্যবসায়ীকে চালান!
চট্টগ্রামের এক ব্যবসায়ীর প্রায় ২৫ লাখ টাকার ২৮৫টি মুঠোফোন সেট গায়েব করে তাঁকে আদালতে চালান দেওয়ার অভিযোগ উঠেছে বন্দর থানার পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় ১৭০টি কম দামের সেট উদ্ধার দেখিয়ে এই ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। প্রায় দুই মাস কারাবাসের পর জামিনে বেরিয়ে আসেন ওই ব্যবসায়ী। এরপর ঘটনাটি ফাঁস হয়।আদালত সূত্র জানায়, ওই ব্যবসায়ীর নাম মোহাম্মদ আলমগীর। নগরের রিয়াজউদ্দিন বাজারে তাঁর একটি মুঠোফোন সেটের দোকান রয়েছে। গত ২৭ এপ্রিল দিবাগত রাত দেড়টায় দুবাই থেকে আর এ কে এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আলমগীর। এ সময় তাঁর কাছে নকিয়া ও স্যামসাং কোম্পানির বিভিন্ন মডেলের ৪৫৫টি মুঠোফোন সেট ছিল।পুলিশ সূত্র জানায়, মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে অভিযোগ, তিনি শুল্ক না দিয়ে ফোনসেটগুলো চট্টগ্রাম বিমানবন্দর থেকে খালাস করে নিয়ে যাচ্ছিলেন। এ কারণে তাঁর মালামাল বন্দরটিলা এলাকায় জব্দ এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় বন্দর থানায় মামলা করেন উপপুলিশ পরিদর্শক (এসআই) সুমন কুমার দেব। প্রায় দুই মাস কারাবাসের পর গত ২৮ জুন কারাগার থেকে জামিনে মুক্তি পান মোহাম্মদ আলমগীর। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিমানবন্দর থেকে ফেরার পথে বন্দরটিলা এলাকায় পুলিশ আমার পথরোধ করে। একপর্যায়ে আমার মালামাল দেখে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে গ্রেপ্তার করে মামলা ঠুকে দেয় এবং আমার ৪৫৫টি সেটের মধ্যে দামি ২৮৫টি সেট গায়েব করে। আর শুল্ক ফাঁকি আইনে মামলা না দিয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়।’ মোহাম্মদ আলমগীর আরও বলেন, ‘আমি মামলা মোকাবিলা করব। তবে আমার গায়েব হওয়া ২৮৫টি সেট যারা গায়েব করেছে, তাদের কী হবে?’ বন্দর থানার পুলিশ ২৫ লাখ টাকা দামের সেটগুলো গায়েব করে বলে আলমগীরের দাবি।আলমগীরের চালানের কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, তিনি গত ২৬ এপ্রিল দুবাই শহরের সাবকা স্ট্রিটে অবস্থিত ‘টার্ক সেল (এলএলসি)’ নামের একটি পাইকারি দোকান থেকে প্রায় এক লাখ ৪৬ হাজার দিরহাম দিয়ে ৪৫৫টি মুঠোফোন সেট কেনেন। এর মধ্যে যে ১৭০টি সেট জব্দ দেখানো হয়েছে, সেগুলোর দাম প্রায় ৫০ হাজার দিরহাম বলে জানা গেছে।বন্দর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা সুমন কুমার দেব বলেন, ‘অভিযান তো আমি একা করিনি। আমার সঙ্গে বন্দর থানার আরও অনেক কর্মকর্তা ছিলেন। আলমগীরের যে ২৮৫টি মোবাইল ফোনসেট গায়েব হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, তা ঠিক নয়। আমার মনে হয়, আলমগীর নিজেই এই সেটগুলো অন্য গাড়িতে করে পাচার করে আমাদের দোষারোপ করছে।’মোহাম্মদ আলমগীর এ প্রসঙ্গে বলেন, ‘চালানের কাগজপত্রে টার্ক সেলের পাঁচটি ফোন এবং ফ্যাক্স নম্বর উল্লেখ রয়েছে। তদন্তের স্বার্থে কি ওই দোকানে পুলিশ যোগাযোগ করে কোনো কাগজপত্র আনার চেষ্টা করেছে? আর ঘটনার দিন তো আমি গ্রেপ্তার হয়ে যাই। তাহলে কীভাবে আমার গায়েব হওয়া ২৮৫টি দামি সেট পাচার করেছি? আমার গায়েব হওয়া সেট রিয়াজউদ্দিন বাজারে বিক্রি করে দিয়েছে বন্দর থানার পুলিশ। আমার কাছে এর প্রমাণ আছে।’আলমগীর আরও বলেন, টার্ক সেলের চালানের তিনটির মধ্যে দুটি এজাহারে উল্লেখ করেছে পুলিশ। আর একটি গায়েব করেছে।