২৫ শতাংশ অধ্যাপক গ্রেড-১-এ উন্নীত হবেন পদোন্নতি পেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মোট অধ্যাপকের ২৫ শতাংশ পদোন্নতি পেয়ে গ্রেড-১-এ যাওয়ার সুযোগ পাবেন। তবে এর জন্য তাঁদের কিছু শর্ত পূরণ করতে হবে।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার বেতনবৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ সিদ্ধান্তে আন্দোলনরত শিক্ষকেরা খুশি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন বলেছে, এ দাবি পূরণ হওয়ায় তাদের আর কোনো কর্মসূচি নেই। ফেডারেশন আশাবাদী, শিক্ষকদের জন্য জ্যেষ্ঠ সচিবদের সমপর্যায়ের বিশেষ গ্রেডে পদ সৃষ্টির দাবিটিও শিগগির পূরণ হবে। গ্রেড সমস্যা নিরসনসহ কয়েকটি দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের মন্ত্রিসভা কমিটির বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অর্থসচিব মাহবুব আহমেদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদউদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামাল।
আগেও মোট অধ্যাপকদের মধ্য থেকে সিলেকশন গ্রেড পেয়ে ২৫ শতাংশ গ্রেড-১-এ উন্নীত হতে পারতেন। কিন্তু নতুন অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল প্রথা বিলুপ্ত করায় শিক্ষকদের গ্রেড-১-এ যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। গতকালের সিদ্ধান্তে এখন পদোন্নতির মাধ্যমে গ্রেড-১-এ যেতে পারবেন শিক্ষকেরা।
বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাতিল হয়ে যাওয়ায় নতুন বেতনকাঠামোতে গ্রেড-১, গ্রেড-২ ও গ্রেড-৩-এ থাকা অধ্যাপকদের কিছু সমস্যা দেখা দিয়েছিল। আজ (বৃহস্পতিবার) আমরা একটা সমাধানে পৌঁছেছি। সেটি হচ্ছে, গ্রেড-১ ও গ্রেড-২ থাকবে। তবে গ্রেড-৩-এ পার্থক্য থাকবে।’ তিনি বলেন, মোট অধ্যাপকের ২৫ শতাংশ গ্রেড-১-এ উন্নীত হতে পারবেন। তবে শর্ত হচ্ছে, গ্রেড-২-এ দুই বছর চাকরি, অধ্যাপক হিসেবে চার বছর চাকরি এবং চাকরির ন্যূনতম বয়স ২০ বছর হতে হবে।
এ বিষয়ে অর্থসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অধ্যাপক পদে পদোন্নতি পাবেন প্রচলিত নিয়ম অনুসারেই। অধ্যাপক পদে চার বছর চাকরি এবং স্বীকৃত জার্নালে দুটি গবেষণা প্রকাশের পর জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁরা গ্রেড-২-এ পদোন্নতি পাবেন। এ ছাড়া গ্রেড-২-এ থাকাকালীন অধ্যাপকেরা ২০ বছর চাকরি ও গ্রেড-২-এর সীমায় পৌঁছানোর দুই বছর পর জ্যেষ্ঠতার ভিত্তিতে গ্রেড-১-এ যেতে পারবেন।
অর্থমন্ত্রী বলেন, বৈঠকের সিদ্ধান্তের একটি কার্যপত্র তৈরি করে অনুমোদনের জন্য শিগগির পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তারপরও কিছু কাজ বাকি থাকবে। সব কাজ শেষ হওয়ার পরই বিষয়টি কার্যকর হবে।
গ্রেড-২ ও গ্রেড-১-এর বিষয়ে সিদ্ধান্ত হলেও সহযোগী অধ্যাপকেরা গ্রেড-৩-এ কীভাবে পদোন্নতি পাবেন—এ বিষয়টি সাংবাদিকদের কাছে স্পষ্ট করা হয়নি। তবে বৈঠক সূত্রে জানা গেছে, সহযোগী অধ্যাপক থেকে গ্রেড-৩-এর অধ্যাপক পদে উন্নীত হবেন প্রচলিত নিয়মে।
তবে, জ্যেষ্ঠ সচিবদের সমমর্যাদায় অধ্যাপকদের জন্য ‘সুপার গ্রেড’ করার যে দাবি ছিল, সে বিষয়ে গতকাল বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কয়েক দিনের মধ্যে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেবে বলে জানান ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
গ্রেড সমস্যা নিরসনে সিদ্ধান্তের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফেডারেশনের সভাপতি ফরিদউদ্দিন আহমেদ। পাশাপাশি তিনি গবেষণার জন্য বরাদ্দ বাড়ানোরও দাবি জানান।
ফেডারেশনের মহাসচিব মাকসুদ কামাল বলেন, ‘গ্রেডের বিষয়টি আজীবনের জন্য হয়ে গেল। আর এর মাধ্যমে দীর্ঘদিনের দাবি পূরণ হলো আমাদের।’ তিনি সব সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের পদোন্নতির জন্য একই ধরনের নীতিমালা প্রণয়নের দাবি জানান।
জানতে চাইলে মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, তাঁদের আর কোনো কর্মসূচি নেই। সরকারের সিদ্ধান্তে তাঁরা খুশি। ফেডারেশন আয়োজিত ২৯ মার্চের সভায় শিক্ষকদের অবস্থান তুলে ধরা হবে।