বরেন্দ্র অঞ্চলের কোল আদিবাসী জনগোষ্ঠীর ২৫ শতাংশ মানুষই উচ্চ রক্তচাপ রোগে আক্রান্ত। কিন্তু তারা জানে না যে তারা রোগী। উচ্চ রক্তচাপ যে একটি রোগ—এ ধারণা তাদের মোটেও নেই। চাঁপাইনবাবগঞ্জ উচ্চ রক্তচাপ কেন্দ্রের এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রের প্রতিষ্ঠাতা ওমর ফারুক জানান, আদিবাসীদের মধ্যে উচ্চ রক্তচাপ রোগী শনাক্তকরণ ও সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে বরেন্দ্র অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউপি বৈলঠা, বিল বৈলঠা, চাতরা ও গুচ্ছগ্রাম এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউপির বাবুডাইং ও শান্তিপাড়ায় জরিপ চালানো হয়। চারজন কোল আদিবাসী শিক্ষার্থীকে সদর হাসপাতালে নিয়ে এসে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ দিয়ে এ ছয়টি গ্রামের মানুষের রক্তচাপ মাপা হলে ওপরের এ তথ্য পাওয়া যায়।
১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে উচ্চ রক্তচাপ রোগে আক্রান্ত আদিবাসী রোগীদের চিকিৎসা করেন ওমর ফারুক। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসাশিবির পরিচালনায় সহায়তা করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকেরা। রোগীদের বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়। আদিবাসীদের মধ্যে উচ্চ রক্তচাপ রোগী শনাক্তকরণ কর্মসূচিতে অংশ নেন আদিবাসী শিক্ষার্থী কল্পনা মুর্মু, চন্দনী হাসদা, নির্মল মুর্মু ও সোম চাঁদ টুডু।