গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এর মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থীর অভিভাবকেরা গত মঙ্গলবার শাস্তি মওকুফের জন্য উপাচার্যের সঙ্গে দেখা করে লিখিত আবেদন করেন।গতকাল বুধবার শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তি পাওয়া ২৫ জন শিক্ষার্থীর মধ্যে চার ছাত্রীকে হল থেকে বহিষ্কার ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অথচ ভাঙচুরের সময় তাঁরা ঘটনাস্থলে ছিলেন না। হল থেকে বহিষ্কার করায় তাঁদের এখন ক্যাম্পাসের বাইরে থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের আশপাশে ছাত্রীদের থাকার তেমন ভালো কোনো ব্যবস্থা নেই। ক্যাম্পাস থেকে দূরে থাকলে একদিকে তাঁরা যেমন নিরাপত্তাহীন হয়ে পড়বেন, তেমনি তাঁদের পড়াশোনাও ব্যাহত হবে। এ নিয়ে ছাত্রী ও অভিভাবকেরা উদ্বেগের মধ্যে রয়েছেন। উপাচার্য আবদুল মান্নান আকন্দ প্রথম আলোকে বলেন, তাঁরাও চান না কোনো শিক্ষার্থীর জীবন নষ্ট হোক। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ছাত্র শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থীর অভিভাবকদের লিখিত আবেদন প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সময়ই সব বলে দেবে। তবে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে তাঁরা বদ্ধপরিকর।পাঁচ শিক্ষার্থীর ভর্তি বাতিলের প্রতিবাদে গত ৯ মে শিক্ষার্থীদের ভাঙচুর ও বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। পরে গত শনিবার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।