২৫ সংখ্যালঘু পরিবারের বাড়িঘর ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে নড়াইলের কালিয়া উপজেলায় সংখ্যালঘু ২৫টি পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। মাদারীপুরের কালকিনিতে নির্বাচন-উত্তর সহিংসতায় অর্ধশতাধিক আহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: নড়াইল: কালিয়া উপজেলার নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের নলামারা কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী ওহাব মোল্লা পরাজিত হওয়ায় এবং এ কেন্দ্রে ভোট কম পাওয়ায় তাঁর সন্ত্রাসী বাহিনী গত রোববার রাতে নলামারা গ্রামের সংখ্যালঘু ২৫টি পরিবারের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে।জানা গেছে, ওহাব মোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক। গত রোববার ওই ইউনিয়নে ভোট গ্রহণকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০টি ফাঁকা গুলি ছোড়ে। গত সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত ওহাব মোল্লাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। বর্তমানে তিনি জেলহাজতে আছেন।সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারে নলামারা গ্রামের শিপ্রা রানী, ঊষা রানী ও সরস্বতী দাস বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যেমন অবস্থা হয়েছিল, রোববার রাতেও ঠিক তেমন অবস্থার সৃষ্টি হয়। ওহাব মোল্লা এই কেন্দ্রে ভোট কম পাওয়ায় তাঁর লোকজন আমাদের ওপর হামলা চালায়। আমরা ভয়ে বাড়িঘর ছেড়ে পাশের পাটখেত ও ধানখেতে আশ্রয় নিই। তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের হিন্দু বাড়িগুলোতে ভাঙচুর ও লুটপাট চালায়।’একই গ্রামের বিজলী রানী জানান, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর সংসার। সমিতি থেকে ঋণ নিয়ে গ্রামের রাস্তার পাশে ছোট্ট একটি মুদি দোকান দিয়েছিলেন। সন্ত্রাসীরা তাঁর দোকানঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। তিনি বলেন, ‘এখন আমার বিষ খায়ে মরা ছাড়া কোনো উপায় নাই। এখন সমিতির টাকা কীভাবে শোধ করব?’ এ কথা বলে তিনি হাউমাউ করে কান্না জুড়ে দেন।ঘটনাস্থল পরিদর্শন করে সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতনের দৃশ্য দেখে নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক ও উপজেলার চেয়ারম্যান শামীমুর রহমান খান ক্ষোভ প্রকাশ করে বলেন, এরা একাত্তরকেও হার মানিয়েছে। তাঁরা দাবি করেন, সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নির্বাচনে পরাজিত প্রার্থী ওহাব মোল্লার হয়ে বিএনপির সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ উপযুক্ত শাস্তিরও দাবি জানান তাঁরা। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্যক্তিগত ও সরকারের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।কালকিনি (মাদারীপুর): উপজেলার নবগ্রাম ইউনিয়নে গতকাল মঙ্গলবার শশীকর বাজারে দুই পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিভূতিভূষণ বাড়ৈ ও মন্টু লাল সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। আহত ব্যক্তিদের কালকিনি, মাদারীপুর ও গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন শান্ত।’এদিকে উপজেলার কয়ারিয়া ইউনিয়নে গত রোববার রাত আটটার দিকে নির্বাচন-উত্তর সহিংসতায় উভয় পক্ষের ছয়জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচনের ফল ঘোষণার পর ময়দানের হাট এলাকায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন শিকদারের সমর্থকদের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে জয়ী প্রার্থী নূর মোহাম্মদ মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।