২৫ সেপ্টেম্বরের আগে বিমানের ফ্লাইটসূচি স্বাভাবিক হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটসূচি বিপর্যয়ের কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তি অব্যাহত রয়েছে।গতকাল মঙ্গলবার ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের আটটি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এসব ফ্লাইটের উড্ডয়নসূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।গতকাল বিমানের প্রধান কার্যালয় বলাকায় প্রতিষ্ঠানটির পরিচালক (বিপণন ও বিক্রয়) মোহাম্মদ শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভাড়ায় আনা একটি উড়োজাহাজ চলে যাওয়ার কারণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ জন্য বিমান কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছে। তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি। তবে ২৪ সেপ্টেম্বরের আগে তা সম্ভব হবে না।’নাম প্রকাশ না করার শর্তে বিমানের আরেক পরিচালক জানান, ২৫ সেপ্টেম্বরের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না। ২৫ সেপ্টেম্বরের মধ্যে ইউরোপ থেকে ডিসি-১০-এর একটি ইঞ্জিন ঢাকায় আসবে। এটি এলে বসে থাকা একটি ডিসি-১০ ফ্লাইট পরিচালনায় যুক্ত হবে। এ ছাড়া আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে পড়ে থাকা বিমানের এয়ারবাসটি রক্ষণাবেক্ষণ শেষে ২৩ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এ দুটি উড়োজাহাজ যুক্ত হলে ফ্লাইটসূচি ঠিক হয়ে আসবে বলে কর্তৃপক্ষ আশাবাদী।বর্তমানে বিমানবহরে নিয়মিত ফ্লাইট পরিচালনার জন্য আছে মাত্র চারটি উড়োজাহাজ। এর মধ্যে একটি এয়ারবাস, একটি ডিসি-১০ ও দুটি ছোট আকারের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ। এই চারটি উড়োজাহাজ দিয়ে বিমানকে ১৪টি আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইট ঠিক রাখা সম্ভব হচ্ছে না। এই সময়ে বহরের বড় আকারের চারটি উড়োজাহাজ (দুটি বোয়িং-৭৭৭ ও দুটি ডিসি-১০) ব্যবহার করা হচ্ছে হজ ফ্লাইট পরিচালনায়। এ কারণে চলতি মাসের মাঝামাঝি থেকে দিল্লি, করাচি, হংকং, মিলান ও মানচেস্টার ফ্লাইট সাময়িক বন্ধ এবং ১৩টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট-সংখ্যা কমিয়ে আনা হয়েছে। তার পরও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। এদিকে গত শুক্রবার থেকে শুরু হওয়া ফ্লাইটসূচি বিপর্যয় অব্যাহত থাকায় বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ অব্যাহত রয়েছে। সৌদিগামী যাত্রী মো. আফজাল গতকাল দুপুরে টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘তিন দিন হয়ে গেল বিমানবন্দরে ঘুরছি। ১৬ তারিখ ফ্লাইট ছিল, এখানে এলে বলা হয় পরের দিন দুপুর দুইটায় যোগাযোগ করতে। এখনো যেতে পারিনি। ভিসার মেয়াদ আছে আর মাত্র দুই দিন। এর মধ্যে যেতে না পারলে আর যেতে পারব না।