২৫ সেপ্টেম্বরের মধ্যে খুনিরা গ্রেপ্তার না হলে ফের আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা। তা ছাড়া এ ঘটনায় এটিএন বাংলার চেয়ারম্যানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদেরও দাবি জানিয়েছেন তাঁরা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন গণমাধ্যমে বেতন-ভাতা বন্ধের প্রতিবাদসহ নানা বিষয়ে কর্মসূচি ঠিক করতে সাংবাদিক নেতারা বৈঠক করেন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘২৫ সেপ্টেম্বরের মধ্যে সাগর-রুনির হত্যাকারীরা গ্রেপ্তার না হলে ২৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশ থেকে ঘোষণা করা হবে বৃহত্তর কর্মসূচি।’সরকার কালক্ষেপণ করছে উল্লেখ করে ইকবাল সোবহান বলেন, ‘ডিএনএ পরীক্ষা বা অন্য কোনো কথা আমরা আর শুনতে চাই না। আমরা চাই হত্যাকারীরা গ্রেপ্তার হোক।’সাংবাদিক নেতারা জানান, পেশাসংশ্লিষ্ট বিভিন্ন দাবি আদায়ে ১১ সেপ্টেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁরা সমাবেশ করবেন।এ ছাড়া সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় আপত্তিকর বক্তব্য দেওয়ায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবিতে ১৬ সেপ্টেম্বর এটিএন বাংলার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করবেন তাঁরা।সাংবাদিক নেতাদের মধ্যে রুহুল আমিন গাজী, আবদুল জলিল ভুইয়া, আবদুস শহীদ, ওমর ফারুক, সাখাওয়াত হোসেন, সাজ্জাদ আলম খান, মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।গত ১১ ফেব্রুয়ারি রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।