ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট পাঁচটি ইউনিটে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র ১৬ আগস্ট থেকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে পাওয়া যাবে। ২০ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্রের টাকা ব্যাংকে জমা দিতে হবে। এ ছাড়া অনলাইন থেকে ভর্তির প্রবেশপত্রের ছাপানো কপি নেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত অনলাইনে ভর্তিবিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অনলাইনে ভর্তিসংক্রান্ত গত বছরের সমস্যাগুলো এ বছর দূর করার চেষ্টা করে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বছর তাই শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা হবে না বলে কর্তৃপক্ষ আশাবাদী।সংবাদ সম্মেলনে জানানো হয়, আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ধফসরংংরড়হ.ঁহরাফযধশধ.বফঁ) দেওয়া আছে। শিক্ষার্থীরা ওই সাইটে প্রবেশ করে যে ইউনিটে আবেদন করতে চান, সে ইউনিটের লিংকে ক্লিক করলেই ওই ইউনিটে ভর্তির প্রয়োজনীয় তথ্য পাবেন।এ ছাড়া ভর্তির জন্য প্রাথমিক আবেদন ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যাংক মাশুল দিতে হবে ২০ টাকা। ভর্তি পরীক্ষা শুরু হবে ১৪ অক্টোবর। ওই দিন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২১ অক্টোবর ‘খ’ ইউনিট, ২৮ অক্টোবর ‘গ’ ইউনিট, ১৮ নভেম্বর ‘ঘ’ ইউনিট এবং ২৫ নভেম্বর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীরা কোনো ধরনের সমস্যায় পড়লে হটলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের নম্বরগুলো হচ্ছে: ০১৮৪২২৪৪২৪৪, ০১৬১৬১৫১৫৫৯ ও ৯৬৬৯৯৩৪। এ ছাড়া শিক্ষার্থীরা আবেদন সম্পন্ন করার পর ভর্তিসংক্রান্ত তথ্য, আসনবিন্যাস প্রভৃতি তথ্য মুঠোফোনে ১৬৩২১ নম্বরে এসএমএস করে পাবেন।