জামানত ও সংযোগ ফি জমা দেওয়ার পরও চট্টগ্রামের প্রায় ২৫ হাজার গ্রাহক গ্যাস (আবাসিক) পাচ্ছেন না। এক বছর থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত পর্যন্ত তাঁদের অপেক্ষায় রেখেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল)। দ্রুত এসব গ্রাহককে গ্যাস-সংযোগ দেওয়ার দাবি জানিয়েছে ‘চট্টগ্রাম গ্যাস, বিদ্যুৎ, পানি গ্রাহক ঐক্যজোট’ ও কেজিডিসিএল ঠিকাদার কল্যাণ সমিতি। একই সঙ্গে আবাসিক পর্যায়ে বিদ্যমান লাইন থেকে বর্ধিত সংযোগ চালু করারও দাবি জানান সংগঠন দুটির নেতারা।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান চট্টগ্রাম গ্যাস, বিদ্যুৎ, পানি গ্রাহক ঐক্যজোটের মহাসচিব আলমগীর নূর। লিখিত বক্তব্যে বলা হয়, গ্যাস-সংযোগ না থাকার কারণে অনেকে বাড়ি ভাড়া দিতে পারছেন না। বিশেষ করে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা বাড়িগুলো গ্যাসের অভাবে ভুতুড়ে বাড়িতে পরিণত হচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৪ সালের ১৮ আগস্ট প্রকাশিত সরকারি গেজেট নোটিফিকেশন অনুযায়ী, গ্রাহক ও কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষের মধ্যে গ্যাস-সংযোগের চুক্তি হওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে সার্ভিস লাইন তৈরি করে সংযোগ দিতে হবে। কিন্তু কর্ণফুলী গ্যাসের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর অবহেলা ও যোগসাজশের কারণে চট্টগ্রাম অঞ্চলের ২৫ হাজার গ্রাহক গ্যাস-সংযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিনা নোটিশে গ্যাস-সংযোগ বন্ধ রাখায় চট্টগ্রামের প্রায় পাঁচ শ ঠিকাদার ও সংশ্লিষ্ট কয়েক হাজার ব্যক্তি বেকার হয়ে পড়েছেন। তাঁরা পরিবার নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন। গ্যাস-সংযোগ না পেয়ে গ্রাহকেরা ঠিকাদারদের বিরুদ্ধে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন। ঠিকাদারদের লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। এ অবস্থায় দ্রুত গ্যাস-সংযোগ দেওয়ার ব্যবস্থা করা না হলে গ্রাহক ও ঠিকাদারেরা একসঙ্গে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম গ্যাস, বিদ্যুৎ, পানি গ্রাহক ঐক্যজোটের সভাপতি মনোয়ারা বেগম, সহসভাপতি নুরুল ইসলাম, কেজিডিসিএল ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম অলিউল্লা হক, সহসভাপতি মমতাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।
ঐক্যজোট ও সমিতির দাবির সঙ্গে সংহতি জানিয়ে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব মজিবুল হক, নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের নগর কমিটির আহ্বায়ক মর্জিনা আক্তার প্রমুখ।
গ্যাস-সংযোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাসের উপমহাব্যবস্থাপক আজিজুল হক প্রথম আলোকে বলেন, সরকারি নির্দেশে সারা দেশেই গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ আছে। টাকা জমা দিয়ে সংযোগের অপেক্ষায় আছেন, এমন গ্রাহকদের একটি তালিকা করা হয়েছে। তাঁদের বিষয়ে ঊর্ধ্বতন মহলের নির্দেশনা চাওয়া হয়েছে।