স্বাভাবিক পরিস্থিতিতে রাজশাহীর গোদাগাড়ী থেকে এক ট্রাক টমেটো চট্টগ্রামে নিয়ে যেতে ভাড়া লাগে ১৫ থেকে ২৫ হাজার টাকা। হরতাল-অবরোধের কারণে এখন সেই ভাড়া ৯৫ হাজার টাকায় উঠেছে।
ট্রাকমালিকেরা বলছেন, এ ভাড়াতেও তাঁদের পোষাচ্ছে না। কারণ গন্তব্যে পৌঁছাতে এক দিনের জায়গায় আট দিন লাগছে।
একজন ব্যবসায়ী জানান, গত রোববার রাতে গোদাগাড়ী থেকে দুই ট্রাক টমেটো চট্টগ্রামের উদ্দেশে পাঠিয়েছেন তিনি। রাতে গাড়ি দুটি রাজশাহী পর্যন্ত পৌঁছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে মারামারির খবর শুনে তাঁরা আর সামনে এগোতে সাহস করেননি। সোমবার বিকেলে খোঁজ নিয়ে তিনি জেনেছেন, গাড়ি দুটি রাজশাহী নগরের প্রবেশমুখে কাশিয়াডাঙ্গা এলাকার একটি পেট্রলপাম্পের পাশে এনে রাখা হয়েছে।
পরিবহন ব্যবসায়ী মোখলেছুর রহমান কয়েক দিন আগে গোদাগাড়ী থেকে দুই ট্রাক টমেটো চট্টগ্রামে নিয়ে গেছেন। সোমবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গোদাগাড়ী থেকে চট্টগ্রামে যেতে আগে তাঁরা ১৫ থেকে ২৫ হাজার টাকায় ট্রাক ভাড়া দিতেন। তিনি বলেন, আগে গোদাগাড়ী থেকে সন্ধ্যায় গাড়ি ছাড়লে সকালে গিয়ে চট্টগ্রাম পৌঁছাত। এখন যেতে সাত-আট দিন লেগে যাচ্ছে।