টাঙ্গাইলে মা-মেয়ে হত্যাকাণ্ডের মূল হোতাসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ২৫ হাজার টাকার বিনিময়ে তাঁদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে গ্রেপ্তার হওয়া এক আসামি স্বীকার করেছেন।র্যাব-১২ সূত্র জানায়, গত বুধবার গভীর রাতে দেলদুয়ার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সানোয়ার (৫০), সোহরাব (৩২) ও রনি (২০)।গতকাল আসামিদের র্যাব-১২-এর ৩ নং কোম্পানির ক্যাম্পে হাজির করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের সোহরাব বলেন, উপজেলার বর্নি গ্রামের হাজেরা খাতুনের মেয়ে নাসরিনের সঙ্গে একই গ্রামের রনির সম্পর্ক ছিল। রনির বাবা সানোয়ার এই সম্পর্ক ধামাচাপা দিতে নাসরিনকে হত্যার পরিকল্পনা করেন। এ জন্য তাঁকে ২৫ হাজার টাকার বিনিময়ে ভাড়া করেন সানোয়ার। সোহরাব আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী ৫ মে রাতে নাসরিনের বাড়ির পাশে বাঁশঝাড়ে রনিকে দিয়ে নাসরিনকে ডেকে নেওয়া হয়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সোহরাব গলায় ওড়না পেঁচিয়ে নাসরিনকে শ্বাসরোধ করে হত্যা করেন। মেয়েকে না পেয়ে কিছুক্ষণ পর নাসরিনের মা হাজেরা খাতুন ঘর থেকে বের হলে তাঁকেও গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয়। পরে দুজনের লাশ পাশের ধানখেতে ফেলে দেওয়া হয়।তবে রনি ও তাঁর বাবা সানোয়ার দাবি করেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁরা জড়িত নন। ৬ মে সকালে মা-মেয়ের লাশ বাড়ির পাশে ধানখেত থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় হাজেরা বেগমের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে মামলা করেন।