২৫ হাজার নতুন ভোটারের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ আসনের ভোটারদের দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নেই। ভোটাধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হওয়ায় এখানকার ভোটাররা হতাশ। আর প্রথমবারই জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এই আসনের প্রায় ২৫ হাজার নতুন ভোটার; যাঁরা ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের পর থেকে এ বছরের নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ভোটার তালিকাভুক্ত হয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর এবং নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে এবার ভোটারসংখ্যা দুই লাখ ৪৯ হাজার ৮০২ জন। নবম সংসদ নির্বাচনে এ আসনে ভোটারসংখ্যা ছিল দুই লাখ ১৯ হাজার ৬৭২ জন। নবম ও দশম সংসদ নির্বাচনে ভোটারসংখ্যার পার্থক্য ৩০ হাজার ১৩০ জন। সর্বশেষ তালিকায় মোট ভোটারের ১০ শতাংশ নতুন ভোটার। সেই হিসাবে নতুন ভোটারসংখ্যা ২৪ হাজার ৯৮০ জন।
সূত্র জানায়, এ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও মনোনয়নপত্র বাছাইয়ের দিন জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী এম এ কুদ্দুস খানের মনোনয়নপত্র ঋণখেলাপি হওয়ার কারণে বাতিল হয়ে যায়। জাতীয় পার্টির (জেপি) প্রার্থী নাসির উদ্দীন গত ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বরিশাল ব্রজমোহন কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র ঝালকাঠি শহরের বাসিন্দা বাঁধন রায় বলেন, ‘গত নির্বাচনের সময় নবম শ্রেণীতে পড়তাম। এ বছর আমার নাম ভোটার তালিকায় ওঠে। নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর খুবই আনন্দিত হয়েছিলাম—এই ভেবে যে জীবনে প্রথমবার ভোট দিতে পারব।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি হেমায়েত উদ্দীন বলেন, বিপুলসংখ্যক নতুন ভোটার ভোট দিতে পারছেন না। এতে তাঁদের মন একটু খারাপ হতেই পারে। প্রতি নির্বাচনেই দু-একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে থাকেন। তবে এবারের সংখ্যাটি অস্বাভাবিক।