২৫ হাজার শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ ৪০টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারমাইকেল কলেজের এই ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে l ছবি: প্রথম আলো
কারমাইকেল কলেজের এই ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে l ছবি: প্রথম আলো

ছোট-বড় পাঁচটি ভবন। এর মধ্যে একটি ঝুঁকিপূর্ণ। এসব ভবনে ২৫ হাজার শিক্ষার্থীর জন্য শ্রেিণকক্ষ রয়েছে সাকল্যে ৪০টি। ফলে শ্রেণিকক্ষ-সংকটে রংপুরের কারমাইকেল কলেজে প্রতিদিনই কোনো না-কোনো বিভাগের ক্লাস বাতিল হচ্ছে। দীর্ঘদিন ধরেই এ অবস্থা চলছে।
কলেজ কর্তৃপক্ষ বলছে, এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এক বছর আগে নতুন আরেকটি চারতলা ভবনের নির্মাণকাজ শেষ হলেও তা চালু করা যাচ্ছে না শুধু চেয়ার-টেবিলের অভাবে। এ ভবনে ১৪টি শ্রেিণকক্ষ রয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, নতুন ভনটি দ্রুত চালু করা হলে শ্রেিণকক্ষ-সংকট কিছুটা হলেও লাঘব হতো। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ বিনতে হুসাইন নাসরিন বলেন, চেয়ার-টেবিল সরবরাহ করার দায়িত্ব শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের। তাদের বারবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু চেয়ার-টেবিল সরবরাহে দেরি হচ্ছে।
১৮টি বিষয়ে মাস্টার্স (স্নাতকোত্তর), অনার্স (স্নাতক সম্মান), ডিগ্রি (পাস কোর্স) ও এইচএসসিতে পড়ার সুযোগ রয়েছে কারমাইকেল কলেজে। শিক্ষকেরা বলছেন, শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শ্রেণিকক্ষসহ অবকাঠামোর সুবিধা বাড়েনি কলেজে। শিক্ষকেরা বলছেন, সুষ্ঠুভাবে পাঠদানের জন্য অন্তত ৭০টি শ্রেিণকক্ষ প্রয়োজন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বললেন, স্নাতক সম্মান শ্রেিণর শিক্ষার্থীদের প্রতিদিন অন্তত পাঁচটি ক্লাস হওয়া উচিত। কিন্তু কক্ষ-সংকটের কারণে দু-তিনটির বেশি ক্লাস নেওয়া সম্ভব হয় না। রুটিন করলেও সে অনুযায়ী সম্ভব ক্লাস নেওয়া যায় না। তার পরও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বছরের অর্ধেক সময়ই বিভিন্ন বর্ষের পরীক্ষা থাকে। ওই সময় ক্লাস বাতিল করা হয়।
হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়ালিউর রহমান জানায়, প্রতিদিন চারটি ক্লাস হওয়ার কথা থাকলেও শুধু কক্ষ-সংকটের কারণেই তা নিয়মিত হয় না।
শ্রেিণকক্ষ-সংকটের পাশাপাশি কলেজে শিক্ষক-সংকটও রয়েছে। কলেজ সূত্র জানায়, ১৮৯ জন শিক্ষকের মধ্যে ৩৩টি পদ শূন্য রয়েছে। তবে শিক্ষকেরা বলছেন, ক্লাস না হওয়ার পেছনে শিক্ষক-সংকটের চেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে শ্রেিণকক্ষ-সংকট।
কলেজের প্রধান ভবনে অধ্যক্ষ, উপাধ্যক্ষের কার্যালয়, প্রশাসনিক দপ্তর। একতলা এই ভবনে বাংলা বিভাগের ক্লাস হয়। দোতলা দ্বিতীয় ভবনে পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ও প্রািণবিদ্যা বিভাগের ক্লাস হয়। একতলা রসায়ন ভবনে রসায়ন বিভাগের ক্লাস এবং আইসিটি ভবনে আইসিটির ক্লাস হয়।
বাকি সব বিভাগ ও উচ্চমাধ্যমিকের ক্লাস নেওয়া হয় তিনতলা আরেকটি ভবনে। প্রায় দেড় বছর আগে শিক্ষা ও প্রকৌশল বিভাগ এ ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এখানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকদের কক্ষও রয়েছে।
কলেজ কর্তৃপক্ষ বলছে, ১৯৪৩ সালে কলেজের তিনতলা এ ভবনটি নির্মিত হয়। ভবনের বিভিন্ন বিভাগ ও শ্রেণিকক্ষের দেয়ালে ছোট ছোট ফাটল সৃষ্টি হয়েছে। সেই ফাটল ঢাকতে দু-একবার সাময়িক সংস্কারকাজও হয়েছে। এখন ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘দেখতেই তো পারছেন কীভাবে ঝুঁকির মধ্যে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। অধিকাংশ ক্লাস এ ভবনেই হয়।’
এ বিষয়ে শিক্ষা ও প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী রওশন আলী বলেন, তিনতলা ভবনটি অনেক পুরোনো। এ ছাড়াও অনেক স্থানে ফাটল দেখা দিয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিষয়টি ঢাকায় শিক্ষা ও প্রকৌশল বিভাগের অধিদপ্তরে জানানো হয়েছে।
কলেজ অধ্যক্ষ বিনতে হুসাইন নাসরিন শ্রেণিকক্ষ-সংকটে শিক্ষার্থীদের ক্লাস করতে সমস্যা হওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, দিন দিন শিক্ষার্থী বেড়েছে। কিন্তু শ্রেিণকক্ষ বাড়েনি। উচ্চমাধ্যমিকের জন্য একটি ভবন হলেও সেখানে কোনো বেঞ্চ নেই। এ ছাড়া তৃতীয় ভবনে যেখানে অধিকাংশ ক্লাস হয় সেটি ঝুঁকিপূর্ণ। শিক্ষা ও প্রকৌশল বিভাগ অধিদপ্তর রংপুর কার্যালয়ের মাধ্যমে ভবন নির্মাণের প্রস্তাবনা ঢাকায় পাঠানো হয়েছে।
উত্তরাঞ্চলের শিক্ষার প্রসারে ভূমিকা রাখা ঐতিহ্যবাহী রংপুর কারমাইকেল কলেজ ১৯১৬ সালে প্রতিষ্ঠা করা হয়।