২৫ িচকিৎসকের ১১ জনই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক-সংকটে নড়াইল সদর হাসপাতালে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে অবেদনবিদ (অ্যানেসথেসিস্ট) ও মেডিসিন বিশেষজ্ঞসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় চিকিৎসা না পেয়ে রোগীরা ফিরে যাচ্ছেন। অবস্থাপন্নরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিতে পারলেও দরিদ্র রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন৷
হাসপাতাল সূত্র জানায়, ১৯৯৭ সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ৫০ শয্যার হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। কিন্তু ১০০ শয্যার কার্যক্রম আর চালু করা হয়নি।
সূত্র আরও জানায়, প্রতিদিন এখানে বহির্বিভাগে তিন শ থেকে সাড়ে তিন শ রোগী চিকিৎসা নিতে আসেন। অন্তর্বিভাগে প্রতিদিন ৯০ থেকে ১০০ রোগী ভর্তি থাকেন।
এখানে চিকিৎসকের ২৫টি পদ থাকলেও আছেন মাত্র ১৪ জন। এর মধ্যে আবার একজন ছুটিতে। বাকি ১৩ জনকেই অন্ত ও বহির্বিভাগ সামলাতে হচ্ছে৷ শূন্য পদগুলোর মধ্যে রয়েছে অবেদনবিদ, মেডিসিন, নাক-কান-গলা বিশেষজ্ঞ (ইএনটি), রেডিওলজিস্ট এবং পাঁচজন চিকিৎসা কর্মকর্তা৷
সরেজমিনে গত ২৩ এপ্রিল দেখা গেছে, শয্যা-সংকটে অনেক রোগীই বারান্দা ও সিঁড়িতে বিছানা পেতে সেখানে আছেন৷ চিকিৎসক-সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার কথা স্বীকার করে সিভিল সার্জন আবদুস সামাদ বলেন, ১০০ শয্যার জনবল অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন। এ অনুমোদনটি পেলে সেবার মান বাড়বে বলে তিনি জানান৷