২৫-২৬ লাখ মানুষকে টিন নম্বর নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ । ফাইল ছবি
তোফায়েল আহমেদ । ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমানে দেশে ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র ১৫-১৬ লাখ মানুষের টিন নম্বর (আয়করদাতা শনাক্তকরণ নম্বর) আছে। এটা খুব কম। দেশের উন্নয়নে ২৫-২৬ লাখ মানুষকে আয়কর দিয়ে টিন নম্বর নিতে হবে।

আজ রোববার দুপুরে ভোলা শহরের মহাজন পট্টিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৫৯তম শাখার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলায় প্রচুর পরিমাণে গ্যাস আছে। এই ভোলা বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা হবে। ইতিমধ্যে অনেক শিল্পপতি জমি কিনতে শুরু করেছেন। অনেক কোম্পানি জমি কিনে কারখানার কাজও শুরু করেছেন। ফলে ভোলার জমির দাম কয়েক গুণ বেড়ে গেছে।

তোফায়েল আহমেদ বলেন, ভোলার চারপাশে নদী। পায়রা সমুদ্রবন্দরও ভোলার খুব কাছে। শিগগিরই বরিশাল-ভোলার যোগাযোগ বাড়াতে সেতুর কাজ শুরু হবে। তখন ভোলা আর ঢাকা থেকে বিচ্ছিন্ন থাকবে না। সব সমস্যা সমাধান করে ভোলা হয়ে উঠবে শ্রেষ্ঠ জেলা।

নদীভাঙনকে ভোলার প্রধান সমস্যা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভোলাকে রক্ষা করতে দেড় হাজার কোটি টাকা দরকার। সে টাকা প্রধানমন্ত্রী দেবেন। নেদারল্যান্ডস দেবে আরও ৫০০ কোটি টাকা। নদীভাঙন প্রতিরোধ করা হবে পাকা ব্লক ফেলে। এরই মধ্যে অনেক স্থানে কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুর, পরিচালক এম এ হাসেম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।