২৫টি ওয়ার্ডে বিএনপি জামায়াত সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ও জামায়াত সমঝোতার ভিত্তিতে চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডের মধ্যে ২৫টিতে কাউন্সিলর পদে একক প্রার্থী দিয়েছে। এর মধ্যে ১৭টিতে বিএনপি এবং আটটিতে জামায়াতের একক প্রার্থী রয়েছে। সমঝোতা না হওয়ায় বাকি ১৬টি ওয়ার্ডে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে লড়বেন ।
চট্টগ্রামে ২০-দলীয় জোটের নেতারা জানান, নয়টি ওয়ার্ড জামায়াতের প্রার্থীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। নগরের ৮, ১০, ১৩, ১৬, ২৪, ২৯, ৩২, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ড জামায়াতকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু জোটের সিদ্ধান্ত অমান্য করে ৮ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত প্রার্থী গোলাম মনছুর প্রতিদ্বন্দ্বিতা করছেন। একইভাবে জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে ৩, ১৭ ও ৩৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী দিয়েছে জামায়াত। ফলে সিটি নির্বাচনে জামায়াত-সমর্থিত কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা এখন ১২ জন।
বিএনপি সূত্র জানায়, ১ নম্বর ওয়ার্ডে বিএনপির একক কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাহজাহান, ৪ নম্বরে মাহবুবুল আলম, ৫ নম্বরে মো. আজম, ৬ নম্বরে মুহাম্মদ হাসান, ১৫ নম্বরে চৌধুরী সায়ফুদ্দীন রাশেদ সিদ্দিকী, ১৯ নম্বরে ইয়াছিন চৌধুরী, ২০ নম্বরে মো. হাফিজুল ইসলাম মজুমদার, ২১ নম্বরে মোহাম্মদ তৌহিদুস সালাম, ২২ নম্বরে মো. আবদুল মালেক, ২৫ নম্বরে শহীদ মো. চৌধুরী, ২৬ নম্বরে মো. আবুল হাশেম, ৩০ নম্বরে মো. মশিউল আলম, ৩১ নম্বরে মোহাম্মদ দিদারুর রহমান, ৩৩ নম্বরে মো. হামিদ, ৩৪ নম্বরে মোহাম্মদ ইসমাইল, ৩৮ নম্বরে মো. হানিফ এবং ৪০ নম্বর ওয়ার্ডে মো. হারুন।
সব ওয়ার্ডে একক প্রার্থী না দেওয়ার কারণ জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের মূল লক্ষ্য মেয়র প্রার্থীকে জিতিয়ে আনা। তাই কাউন্সিলর প্রার্থীকে জোর করে বসানোর ইচ্ছে আমাদের নেই। তবে স্থানীয়ভাবে একক প্রার্থী ঠিক করতে নেতাদের তাগাদা দেওয়া হয়েছে। তাঁদের ওপর জবরদস্তি করা হলে মেয়র প্রার্থীর ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান জানান, বেশির ভাগ ওয়ার্ডে ২০-দলীয় জোট একক প্রার্থী দিতে সক্ষম হয়েছে। তবে জোট-সমর্থিত একক এবং বিদ্রোহী কোনো প্রার্থীকে মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা কমিটিতে রাখা হয়নি।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান প্রথম আলোকে জানান, একক প্রার্থী দেওয়ার বিষয়টি স্থানীয় নেতাদের ওপর ছেড়ে দেওয়া হয়। তাই ১৭টি ওয়ার্ডে বিএনপি এবং আটটিতে জামায়াত একক প্রার্থী দিয়েছে। এই ২৫টি ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের সঙ্গে জোট-সমর্থিত প্রার্থীর লড়াই হবে। তিনি বলেন, ‘আমরা জামায়াতকে নয়টি ওয়ার্ড ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তারা আরও তিনটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দিয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সমঝোতা করতে।’
জোটের একটি সূত্র জানায়, আটটি ওয়ার্ডে জামায়াত-সমর্থিত একক কাউন্সিলর প্রার্থীরা হলেন ১০ নম্বর ওয়ার্ডে মো. শাহাদাত হোসেন, ১৩ নম্বরে মোহাম্মদ মাহফুজুল আলম, ১৬ নম্বরে জহির উদ্দিন, ২৪ নম্বরে আবদুল মালেক, ২৯ নম্বরে ফজলে এলাহী মো. শাহীন, ৩২ নম্বরে মোহাম্মদ শহীদ হোসেন, ৩৫ নম্বরে শেখ আহমদুর রহমান ও ৩৬ নম্বরে মোহাম্মদ ইকবাল শরীফ।
জামায়াত-সমর্থিত ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল চট্টগ্রামের সহকারী সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমাদের বেশির ভাগ প্রার্থীর বিরুদ্ধে মামলা ছিল। সবাই মাঠে প্রচারণা শুরু করেছেন।’
সিদ্ধান্ত অমান্য করে ৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন জামায়াত-সমর্থিত ইসমাইল হোসেন সিরাজী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি জোটের সিদ্ধান্ত উপেক্ষা করিনি। এই ওয়ার্ডটি জোটের সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তাই প্রার্থী হয়েছি।’
নগরের ৮ ওয়ার্ড জামায়াতকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সেই ওয়ার্ডের বিএনপির সভাপতি মো. গোলাম মনসুর সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হন। মো. গোলাম মনসুর এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘সারা জীবন বিএনপির রাজনীতি করেছি। জনগণের খেদমত করার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। জামায়াতও প্রতিদ্বন্দ্বিতা করছে। জনগণই ঠিক করবে কে জনপ্রিয়।’